মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৩০ পিএম

কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই: পানিসম্পদমন্ত্রী

মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা সবাই এই মানচিত্রের মধ্যে আছি। এটাই হলো বিএনপির রাজনীতি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, এ ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, মারমা, মগ ও সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সবাই মিলে এই দেশ গড়ে তুলেছেন। বিএনপির রাজনীতিও এই সম্প্রীতি ও সহাবস্থানের দর্শনে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এই দর্শনের ভিত্তিতে বিএনপির রাজনীতি গড়ে তুলেছিলেন। এ জন্য আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই সম্প্রীতি ও শান্তির সঙ্গে এ সমাজে বসবাস করতে চাই। যেকোনো বিপদ-আপদে বিএনপি আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং নারীশক্তির বন্দনা শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। মানবকল্যাণ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এম/আর

Link copied!