ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বন্দুকের গুলির মতো উদযাপনের ছবি পোস্ট করেন রামোস। পরনে পর্তুগালের জার্সি। ক্যাপশনে তিনি লেখেন, ‘এটাই শ্রেষ্ঠত্বের মর্যাদা।’ তবে এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর সেটা ডিলিটও করেন রামোস। ডিলিট করলেও নেটিজেনরা তাঁর এই পোস্টের স্ক্রিনশট নিয়েছেন। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
পর্তুগালের হয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। দুই বিশ্বকাপ মিলিয়ে করেছেন ৪ গোল। যার মধ্যে কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে করেছিলেন হ্যাটট্রিক। সেই ম্যাচে রামোস নেমেছিলেন রোনালদোর পরিবর্তে।
নরওয়ের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিটই রোনালদোকে বসিয়ে রাখেন পর্তুগাল কোচ হোর্হে জেসুস। এই ঘটনা থেকেই মূলত পর্তুগাল দলে অশান্তি। রোনালদো ক্যাম্প ছেড়ে চলে যান। এবারের ফিফা উইন্ডোতে পর্তুগিজরা চার ম্যাচের তিনটিই খেলেছে রোনালদোকে ছাড়া। চার ম্যাচের চারটিতে জিতে এবারের নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পর্তুগাল। এই চার ম্যাচ মিলিয়ে তিন গোল করেন রামোস। অ্যাসিস্ট করেন এক গোলে।
আজ পোস্ট দেওয়ার পর রামোস সেটা বাধ্য হয়েই ডিলিট করেছেন। সামাজিক মাধ্যমে তাঁকে আক্রমণ করতে থাকেন নেটিজেনরা। হয়তো ভক্তরা মনে করেছেন, রোনালদোকে লক্ষ্য করেই রামোস পোস্ট দিয়েছেন।
