বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লিভারপুলকে উড়িয়ে দাপুটে জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০১:২০ পিএম

লিভারপুলকে উড়িয়ে দাপুটে জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে শুরুতে লড়াইটা ছিল সমানে সমান। কিন্তু একজন কমে যাওয়ার পর আর পেরে উঠল না লিভারপুল।
শেষ আধ ঘণ্টায় তিন গোল করে প্রতিপক্ষের মাঠে দাপুটে জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ড, জেরেমি ডোকু ও রায়ান শের্কির গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শতভাগ জয়ের ধারাও ধরে রাখল পেপ গার্দিওলার দল।

রোববার লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে সিটি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ৬২ মিনিটে রায়ান খাফেনবেখের লাল কার্ড।
তার আগে পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল লড়াই। তবে ১০ জনের লিভারপুলের রক্ষণ ভেঙে একের পর এক গোল আদায় করে নেয় সফরকারীরা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে সিটিকে চাপে রাখে লিভারপুল। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ৩৫ মিনিটে এনসো ফের্নান্দেসের জোরালো শট ঠেকিয়ে সিটির প্রথম উল্লেখযোগ্য আক্রমণ রুখে দেন গোলরক্ষক আলিসন।

বিরতির পর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় লিভারপুল। ৪৯ মিনিটে লুইস কুমাসের শট ঠেকানোর পর ফিরতি বলে খাফেনবেখের প্রচেষ্টাও রুখে দেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। পরে আলেক্সিস মাক আলিস্তেরের শট লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় সিটি।

৬০ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন হলান্ড। তবে দুই মিনিট পর খাফেনবেখ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সিটির হাতে।

৬৫ মিনিটে জেরেমি ডোকুর শট প্রতিপক্ষের গায়ে লেগে সামনে এলে তা কাজে লাগান হলান্ড। পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ডোকু। ৭৮ মিনিটে রায়ান শের্কির গোলে বড় জয় নিশ্চিত হয় সিটির।

এই জয়ে ছয় ম্যাচে ছয় জয় ও ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে সিটি। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ছয় ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট পাওয়া লিভারপুল আছে নবম স্থানে।
 

জে/এইচ

Link copied!