বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আবুধাবি টেস্ট

দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান

আফগানিস্তানকে অলআউট করার সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশ; কিন্তু সফল হয়নি

চতুর্থ ইনিংসে অসাধারণ ব্যাটিং করলো আফগানিস্তান। যার ফলে আবুধাবি টেস্টে বাংলাদেশকে জিততে না দিয়ে দারুণ একটি ড্র নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়লো আফগানরা। ৪৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ের মধ্যে ৮ উইকেট হারিয়ে ৩৪৬ রান করে তারা। ৪৯ রান করে অপরাজিত থাকেন কাইস আহমেদ। ড্র করার পর আফগানদের আনন্দ দেখে মনে হচ্ছিল, এটা যেন জয়ের চেয়েও কিছু বেশি তাদের কাছে। অন্যদিকে হতাশা দেখা গেছে বাংলাদেশ শিবিরে।

আফগান ওপেনার সেদিকুল্লাহ অটলই বাংলাদেশের জন্য ম্যাচটাকে কঠিন করে তোলেন। ৩৩২ বল খেলে ১১১ রান করে ম্যাচটাকে ড্র করতে দারুণ ভূকিমা রাখেন তিনি। শুধু সেদিকুল্লাহই নন, রহমত শাহ থেকে শুরু করে প্রায় সব আফগান ব্যাটারই মাটি কামড়ে উইকেটে পড়ে থাকার শপথ নিয়ে যেন মাঠে নেমেছিল। যে কারণে দেখা যায়, ইসমত আলমকে ৬০ বল খেলে মাত্র ৪ রান করতে।

১১১ রান করা সেদিকুল্লাহ অটলকে সাজঘরে ফেরত পাঠান স্পিনার তাইজুল ইসলাম। ১১৯তম ওভারের ৪র্থ তাইজুলের বলটি ছিল প্যাড বরাবর লেংথ বল। ব্যাটের মোটা কানায় লেগেছে কি না, তা নিয়ে সংশয় থাকলেও বলটি গিয়ে আঘাত করে প্যাডে। সেখান থেকে লাফিয়ে উঠে সরাসরি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে জমা পড়ে বলটি।

আফগানিস্তানকে দারুণ এক ড্রয়ের কাছাকাছি নিয়ে যান অটল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাট করতে পারলেন না তিনি। সেদিকুল্লাহকে আউট করার পর ৮৫ বলে ১৯ রান করা ইয়ামিন আহমদজাইকেও আউট করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবুও শেষ পর্যন্ত আফগানদের অলআউট করতে পারেনি বাংলাদেশ। ৪০ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কাইস আহমেদ। ১২ বল খেলে কোনো রান করেননি জিয়া-উর রহমান। শেষ পর্যন্ত ১৪২ ওভার ব্যাট করে ৩৪৬ রান করে আফগানিস্তান।

এম/আই

Link copied!