রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদের প্রচারণাকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার এমন মন্তব্যের পর আবারও তেবাসের পদত্যাগ দাবি করেছে স্প্যানিশ ক্লাবটি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে রিয়াল মাদ্রিদের সমালোচনা করেন তেবাস। ক্লাবটির টেলিভিশন চ্যানেলে ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়মিত সমালোচনার বিষয়টি তুলে ধরেন তিনি।
রিয়ালের ওই চ্যানেলে আসন্ন ম্যাচগুলোর দায়িত্বে থাকা রেফারিদের অতীতের যেসব সিদ্ধান্তকে ক্লাবটি গুরুতর ভুল বলে মনে করে, সেগুলোর ভিডিও প্রায়ই প্রচার করা হয়।
তেবাসের মতে, এ ধরনের প্রচারণার মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে সন্দেহ তৈরি করা হয় এবং ক্লাবের স্বার্থবিরোধী সিদ্ধান্তগুলোকে বারবার সামনে আনা হয়।
তিনি লেখেন, ‘রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষের রয়েছে প্রচার চালানোর জন্য একদল মুখপাত্র, আর সেই প্রচারণায় নেতৃত্ব দেয় ক্লাবটি নিজেই। তাদের চিত্রনাট্য সব সময় একই: নিজেদের পক্ষে যায় এমন ঘটনা বেছে নেওয়া, কথিত অন্যায়ের বিষয়টি বারবার সামনে আনা, সন্দেহ বাড়ানো এবং শত্রু চিহ্নিত করা।
গোয়েবলস যে প্রচারণার কৌশল ব্যবহার করতেন, এটি তার কথা মনে করিয়ে দেয়।’
তবে তেবাস স্পষ্ট করেন, তার তুলনাটি কেবল প্রচারণার কৌশলের সঙ্গে, নাৎসি মতাদর্শের সঙ্গে নয়। রিয়াল মাদ্রিদের সমর্থকদেরও এর সঙ্গে এক করে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।
তেবাসের মন্তব্যের জবাবে এক বিবৃতিতে তার পদত্যাগ দাবি করে রিয়াল। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তেবাসের বিরোধ অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে দুজনের মধ্যে একাধিক বিষয়ে মতবিরোধ দেখা গেছে।
বিবৃতিতে রিয়াল বলেছে, ‘হাভিয়ের তেবাসের বারবার এমন আচরণ তার নিরপেক্ষতা, সম্মানবোধ ও পক্ষপাতহীনতার অভাব প্রকাশ করে, যা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে অসংগতিপূর্ণ।’
ক্লাবটি আরও বলেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে সোচ্চার ব্যক্তিদের বিরুদ্ধে তার ধারাবাহিক আক্রমণ স্প্যানিশ ফুটবলের জন্য একটি প্রকৃত অভিশাপ।’
রেফারিদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়ালের কোচ হোসে মরিনহোও। স্প্যানিশ লিগে রেকর্ড ৩৬টি শিরোপার মালিক ক্লাবটি নিয়মিতই রেফারিদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তার।
এর আগে গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর ম্যাচের রেফারিদের আক্রমণ করায় রিয়ালের সমালোচনা করেছিলেন তেবাস। তখনও তার পদত্যাগ দাবি করেছিল মাদ্রিদভিত্তিক ক্লাবটি।
শুক্রবারের বিবৃতিতে বার্সেলোনার বিরুদ্ধে চলমান বিচারিক তদন্ত নিয়েও তেবাসের ভূমিকার সমালোচনা করেছে রিয়াল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির এক কর্মকর্তাকে কয়েক বছর ধরে অর্থ দেওয়ার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় যথেষ্ট পদক্ষেপ নিতে তেবাস ব্যর্থ হয়েছেন বলে দাবি রিয়ালের।
