সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কেন আজকের ম্যাচে অধিনায়ক তাওহীদ হৃদয়, কেন নেই লিটন?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

কেন আজকের ম্যাচে অধিনায়ক তাওহীদ হৃদয়, কেন নেই লিটন?

এক ম্যাচের টেস্ট সিরিজের পরপরই আরব আমিরাতে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন অধিনায়ক লিটন দাস, এটা ছিল জানা কথা।

কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করলো, জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে নামলেন তাওহীদ হৃদয়। কেন তাওহীদ হৃদয় টস করতে নামলেন? কেন লিটন দাস নন? সবাই অবাক। খোঁজ নেওয়া শুরু হলো। কিন্তু সহজে কোনো সদুত্তর পাওয়া গেলো না।

না যাওয়ারই কথা। টেস্ট ম্যাচের পর গত দু’তিন দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে। টেস্টে বা অনুশীলনে লিটন দাস ইনজুরিতে পড়েছেন, এমন কোনো তথ্য নেই। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে গণমাধ্যমকে কোনো কিছু জানানো হয়নি। অধিনায়ক ইনজুরিতে, তার পরিবর্তে আরেকজন অধিনায়কত্ব করবেন, এ বিষয়টা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়াকে জানানো তো একটি নিয়ম, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দায়িত্ব। সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হলে মিডিয়া মানুষকে জানাবে, এমনটাই হওয়ার কথা; কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিছুই করেনি।

ম্যাচের সময় লিটনকে টস করতে মাঠে নামতে না দেখেই সবার জিজ্ঞাসা তৈরি হয়, তাহলে কী হয়েছে লিটন দাসের? কোনো ইনজুরি না তো? জাগো নিউজের পক্ষ থেকে তাৎক্ষণিত যোগাযোগ করা হয় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। তিনি ঢাকায়। এমনকি প্রধান নির্বাচকের কাছেও পুরোপুরি তথ্য নেই।

হাবিবুল বাশার সুমন জাগো নিউজকে জানান, লিটন দাস আজকের ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন। এ কারণে তাকে খেলানো হচ্ছে না। তবে, ঠিক হ্যামস্ট্রিং ইনজুরি নাকি অন্য কিছু- সে সম্পর্কে নিশ্চিত নন প্রধান নির্বাচক। শুধু জানালেন, হ্যামস্ট্রিং ইনজুরি হতে পারে।

তবে জাগো নিউজকে নিশ্চিত তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানালেন, লিটন দাসের গ্রোইন ইনজুরি। এ কারণে এই ম্যাচে তাকে খেলানো হচ্ছে না।

এম/আই

Link copied!