সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

হোপের মতে, সাফল্য মানেই সিরিজ জেতা নয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১০:৫২ এএম

হোপের মতে, সাফল্য মানেই সিরিজ জেতা নয়

বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারণী ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ এ ড্র হওয়ার কারণে শিরোপা ভাগাভাগি করতে হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু এই সিরিজ সমতায় শেষ হলেও সফরকারী দলের অধিনায়ক শাই হোপ বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন।

সিরিজে দুটি শতক হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে পুরো আলো কেড়েছেন হোপ। পুরো সিরিজজুড়ে দল হিসেবে দলীয় পারফরম্যান্সে অগ্রগতির প্রতিফলন ঘটেছে মনে করেন তিনি। সিরিজ ড্র হলেও দল বড় সাফল্য পেয়েছে বলে বিশ্বাস হোপের। তার কথা, ‘সাফল্য মানে সিরিজ জিততেই হবে, এমন নয়।’

সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাই স্কোরিং টি-টোয়েন্টি সিরিজের শেষ হাসি হেসেছে বৃষ্টি। মাত্র ৭.৪ ওভার খেলেই শেষ হয় বেঙ্গালুরুর ম্যাচটি। তাতে সিরিজে কেউ বিজয়ীর হাসি হাসতে পারেনি। দুই দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও হোপ সিরিজের ট্রফি ভাগাভাগি করেন।

ততে করে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজ জয়ের অপেক্ষা আরও লম্বা হলো। শেষবার তারা ২০০২-০৩ সফরে সাফল্য পেয়েছিল ৪-৩ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে। ম্যাচ শেষে অধিনায়ক হোপ দলের পারফরম্যান্স ও সিরিজ ড্রয়ের তাৎপর্য বর্ণনা করেছেন।

হোপ বললেন, ‘২০ বছরের বেশি সময় ধরে আমরা এখানে সিরিজ জিততে পারিনি। সিরিজে এতদূর আসাই প্রমাণ করে যে আমরা দল হিসেবে কী করেছি। সাফল্য মানেই যে সিরিজ জিততে হবে, তা নয়। ছেলেদের মধ্যে যে অগ্রগতি দেখা গেছে তা সত্যিই প্রশংসনীয়।’

হোপ চার ইনিংসে ১৯০ এর বেশি স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন। সিরিজের শীর্ষ রান সংগ্রাহক তিনি। রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন উইন্ডিজ অধিনায়ক। 

নিজের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে হোপ নিজের ওপর বিশ্বাস ও ধারাবাহিকতা ধরে রাখার গুরুত্বের ওপর জোর দিলেন। তিনি বললেন, ‘তবুও আত্মবিশ্বাস থাকতেই হয়। যখন আমি সীমা অতিক্রম করি, তখনও আমি বিশ্বাস করি যে কাজটি করতে পারব। আমার কাজের প্রক্রিয়া কখনও বদলায় না। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব নিরপেক্ষ থাকার।’

এম/আই

Link copied!