পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়। ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর সুযোগ মাঠে মারা গেল। আশাহত হতে হলো অপ্রত্যাশিত ব্যর্থতায়। এর পর থেকেই প্রশ্নের মুখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। তাকে কি সরিয়ে দেওয়া হবে, নাকি আরও একটি সুযোগ দেওয়া হবে?
সেই প্রশ্নের উত্তর মিলল না শনিবার সাফে ব্যর্থতার কারণ চিহ্নিত করার জন্য ডাকা সভায়। দীর্ঘ আলোচনার পরও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। ডুলির ভাগ্য নির্ধারণে আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে তারা। মানে, ডুলির ভাগ্য ঝুলিয়ে রাখল বাফুফে।
বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে হাজির ছিলেন ডুলি। ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হয় ডুলির কাছে। একের পর এক প্রশ্ন করেন কমিটির সদস্যরা। সব প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ। শুধু ডুলির পারফরম্যান্স নয়, প্রশ্ন উঠেছে তার নিয়োগপ্রক্রিয়া এবং কোচিং স্টাফের যোগ্যতা নিয়েও।
জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনের চোট নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পাওয়া এই ফুটবলারের এমআরআই করানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাফুফে। ভিসার ব্যবস্থাও করা হচ্ছে। বাবু বলেন, ‘সাদ দেশের সম্পদ। দেশের হয়ে খেলতে গিয়ে সে ইনজুরির শিকার হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার খরচ বহন করবে বাফুফে।’
সভা শেষে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ডুলির সঙ্গে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি তারা। আবারও সভায় বসবেন। বাবু বলেন, ‘তাকে আমরা বাদ দেব, রাখব, নাকি কী করব, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আরও আলোচনা করব। শিগগিরই আরেকটি সভা ডাকব। সেখানে সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নির্বাহী কমিটিতে পাঠাব।’
