রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক, বিদায় ইংল্যান্ড সিরিজে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৬:১২ পিএম

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক, বিদায় ইংল্যান্ড সিরিজে

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার টেস্ট ক্যারিয়ারেরও ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

দুই দশকের বেশি সময় ধরে সাদা পোশাকের ফরম্যাটে বাংলাদেশের অন্যতম নির্ভরতার নাম মুশফিক। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়া এই অভিজ্ঞ ক্রিকেটার এবার লাল বলের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজ খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের হয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বাংলাদেশের চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারি মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন তিনি। 

২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ার। আগামী বছরের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট খেলার কথা থাকলেও তত দিন অপেক্ষা করছেন না তিনি।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়েই টেস্ট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক। অদূর ভবিষ্যতেও তাকে ছাড়িয়ে যাওয়া অন্যদের জন্য প্রায় অসম্ভব। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৮টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্টে তার সেঞ্চুরি ১৪টি, ফিফটি রয়েছে ৩০টি।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। পরবর্তী সময়ে আরও দুবার এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের হয়ে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করে গড়েছেন বিশ্ব রেকর্ড। অন্য কোনো উইকেটকিপার একাধিকবার এই কীর্তি গড়তে পারেননি।

গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন মুশফিক। সেই ম্যাচেই ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নেন তিনি।

অধিনায়ক হিসেবেও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুশফিক। তার অধীনে সাতটি জয় ও নয়টি ড্র পায় বাংলাদেশ। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টেও জয় পায় দল।

টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট থেকে আগেই বিদায় নিয়েছিলেন মুশফিক। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের মাধ্যমে সমাপ্তি ঘটবে তার আন্তর্জাতিক অধ্যায়ের।


 

দৈনিক মুক্তবাণী/এম/আই

Link copied!