শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আজকে প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ১০:৪০ এএম

আজকে প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম

‍‍`জামায়াত সংশ্লিষ্টতায় প্রধানমন্ত্রীর সফরে রাষ্ট্রদূত বাদ‍‍`

টাইমস অব বাংলাদেশের দ্বিতীয় প্রধান খবর— Envoy excluded from PM‍‍`s Japan visit for ‍‍`Jamaat link‍‍`; অর্থাৎ ‍‍`জামায়াত সংশ্লিষ্টতায়‍‍` প্রধানমন্ত্রীর সফর থেকে রাষ্ট্রদূত বাদ।

এই প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

কোনো সরকারপ্রধানের সফরের ঠিক আগেভাগে এ ধরনের পদক্ষেপ একেবারে নজিরবিহীন।

রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সফরের প্রস্তুতি সামলানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে দাবি করা হয়, দাউদ আলী জামায়াতের সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকে ওই দলের আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে গত মে মাসে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের এক সপ্তাহের জাপান সফরের আয়োজনে দাউদ আলী সাহায্য করেছিলেন।

এর ওপর ভিত্তি করেই ৩১ বছরের এই অভিজ্ঞ কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি ভিত্তিতে ১৬ই অক্টোবরের মধ্যে তাকে দেশে আসতে বলা হয়। আর তিনি দেশে ফেরার পর নির্দেশ দেওয়া হয়, প্রধানমন্ত্রীর জাপান সফর শেষ না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই অবস্থান করতে হবে।

সফর শেষ হলে দাউদ আলী বিদায়ী কাজগুলো শেষ করতে টোকিও ফিরবেন। আগামী ২৭ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

এ ঘটনা বাংলাদেশের আমলাতন্ত্রের দলীয়করণের পুরোনো ক্ষতকে আবারও সামনে নিয়ে এসেছে।

জ্বালানি নিরাপত্তায় পুরোনো পথে হাঁটছে সরকার— সমকালের প্রধান সংবাদ এটি।

এই খবরে বলা হয়েছে, বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেড় দশকে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বাড়ানো হয়। কিছু বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি কাজে লাগানো যায়নি, কিন্তু সরকারকে বিপুল ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে। ফল হিসেবে বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

আর জ্বালানি পরিস্থিতি সামাল দিতে দেশীয় গ্যাস অনুসন্ধানের চেয়ে এলএনজি আমদানির অবকাঠামো সম্প্রসারণ ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দিয়েছে।

এসবের তীব্র সমালোচনা করে ক্ষমতায় আসা বিএনপি সরকারও জ্বালানি সংকট মোকাবিলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানির সক্ষমতা সম্প্রসারণ এবং বিদ্যুতের দাম বাড়ানোর পথে হাঁটছে।

২০২৪ সালে নেট জ্বালানি আমদানি মোট ব্যবহারের ৪৮.৪৮ শতাংশে উঠেছিল। এখন তা আরও বেড়ে ৬৫ শতাংশ হয়েছে।

সরকার পরিবর্তন হলেও আমদানিনির্ভরতা বাড়ানো, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও ভর্তুকির চাপ কমাতে নীতিতে পরিবর্তন না আনা বিষয়ে প্রশ্ন তুলেছেন খাত-সংশ্লিষ্টরা।
বণিক বার্তার প্রধান শিরোনাম— পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশও।

এই খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে বিভিন্ন সরকারি ওয়েবসাইট, আর্থিক প্রতিষ্ঠান, পরিবহন ও অন্যান্য অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশেও সতর্কতা জারি করেছে সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয় দেখভালের দায়িত্বে থাকা বিজিডি ই-গভ সার্ট।

সরকারি সংস্থা, ব্যাংক, টেলিযোগাযোগ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীদের দ্রুত পিএইচপি-ভিত্তিক সিস্টেম শনাক্ত ও নিরাপত্তা হালনাগাদের পরামর্শ দিয়েছে তারা।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে গতকাল সন্ধ্যা থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।

এদিকে, পিএইচপির দুর্বলতার তথ্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে হ্যাকিংয়ের চেষ্টা কয়েক মিলিয়নে পৌঁছেছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান খবর— Govt plans market-based property valuation to curb tax evasion, hidden wealth; অর্থাৎ কর ফাঁকি ও সম্পদ গোপন রাখা রোধে বাজারভিত্তিক সম্পত্তি মূল্যায়নের পরিকল্পনা সরকারের।

এই খবরে বলা হয়েছে, কর ফাঁকি ও অঘোষিত সম্পদ অর্জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

এর অংশ হিসেবে স্থাবর সম্পত্তি হস্তান্তরের নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান সর্বনিম্ন মৌজা দরের পরিবর্তে প্রকৃত বাজারমূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে চার মাসের মধ্যে জমি, আবাসিক প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ কমিটি গঠন করা হবে, তারাই এই দর নির্ধারণ করবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, এই উদ্যোগটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেছেন, ‍‍`ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভার সুপারিশ অনুযায়ী কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো জমি ও অন্যান্য সম্পদের প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করবে। উদ্যোগটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।‍‍`

তিনি আরও জানান, কমিটির মাধ্যমে এই মূল্যায়ন প্রক্রিয়াটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা।

এর পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার সহায়তায় বৈজ্ঞানিক মানদণ্ড ব্যবহার করে স্থাবর সম্পত্তি মূল্যায়নের একটি স্বয়ংক্রিয় মডেল তৈরির কাজ করছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে মিলবে ৬৩৬ কোটি ডলারের বিনিয়োগ— কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ এটি।

এতে বলা হয়েছে, জাপান থেকে আগামী পাঁচ বছরে এক লাখ কোটি ইয়েন (৬৩৬ কোটি ডলার) বেসরকারি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ।

গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের কারখানা স্থাপন এবং জ্বালানি অবকাঠামো নির্মাণে এই বিনিয়োগ আসতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন শীর্ষ বৈঠককে কেন্দ্র করে এই বিনিয়োগের আয়োজন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে পাঁচ বছরে বেসরকারি বিনিয়োগের এই আয়োজনের কথা উল্লেখ থাকতে পারে।

জাপানি প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি কম্পানিগুলোর প্রবেশও এ উদ্যোগের অংশ হতে পারে।

মানবজমিনের প্রধান শিরোনাম— একের পর এক টার্গেট কিলিং আতঙ্ক।

এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় একের পর এক টার্গেট কিলিংয়ে বাড়ছে উদ্বেগ।

গত ১০ দিনে অন্তত সাতজনকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কখনো প্রকাশ্যে দিনদুপুরে, আবার কখনো রাতের আঁধারে টার্গেট করে গুলি করে হত্যা করা হচ্ছে। সাংবাদিক থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ রেহাই পাচ্ছেন না।

প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং অপরাধী দমনে কার্যকর পদক্ষেপ নিয়ে।

স্রোতে ভাসে অপরাধের চিহ্ন— প্রথম আলোর প্রধান শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন নদ-নদী থেকে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে দুই হাজার ৬৪টি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আরও ৪৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ বছর ৯ মাসে উদ্ধার হয়েছে দুই হাজার ৪৯৪টি মরদেহ।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি যেমন আছেন, তেমনি বিভিন্নভাবে নদীতে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু এবং নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে।

নৌ পুলিশের কর্মকর্তারা বলছেন, অপরাধের প্রমাণ মুছে ফেলতে ও গ্রেপ্তার এড়াতে হত্যার পর লাশ নদীতে ফেলে দিচ্ছে অপরাধীরা।

লাশ গুমের জন্য নদীকে তারা ‍‍`নিরাপদ স্থান‍‍` মনে করে।

নৌ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। নারী ও শিশুর মরদেহও রয়েছে।

দেশ রূপান্তরের প্রধান শিরোনাম— ক্যাসিনোর অশনিসংকেত।

এই খবরে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন ক্লাব, ফ্ল্যাট-বাসা ও ভার্চুয়াল জগতে আবারও বিস্তার ঘটেছে অবৈধ ক্যাসিনো ও জুয়ার।

২০১৯ সালের শেষভাগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের দীর্ঘ বিরতির পর পুরনো ও নতুন সিন্ডিকেটগুলো কৌশলে সক্রিয় হয়ে উঠেছে।

ক্যাসিনোর পাশাপাশি নতুন করে যোগ হয়েছে মোবাইলঅ্যাপ ও ওয়েবসাইটভিত্তিক ‍‍`ডিজিটাল জুয়া‍‍`র বিষয়টিও।

এতে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েদা সংস্থাগুলো রাজধানীর বিভিন্ন ক্লাবপাড়া ও সন্দেহভাজন স্থানগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে।

ঢাকা মহানগরীসহ দেশের বড় বড় শহরের ক্লাবগুলোতে যেকোনো ধরনের অবৈধ জুয়া বা ইনডোর গেমের নামে ক্যাসিনো বাণিজ্য রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

৪ শর্তে আটকে গেছে চুক্তি— আজকের পত্রিকার প্রধান খবরের শিরোনাম এটি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তিতে রাজস্ব ভাগাভাগিসহ চারটি বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের নতুন শর্তে জটিলতা দেখা দেওয়ার কথা বলা হয়েছে এই খবরে।

চারটি শর্তে মতবিরোধের কারণে থার্ড টার্মিনাল পরিচালনার চূড়ান্ত চুক্তি আটকে আছে।

বিষয়গুলো সমাধানে এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এই চার শর্তের মধ্যে রাজস্ব ভাগাভাগির বিষয় ছাড়া দায় ও ঝুঁকি, আইন সুরক্ষা এবং দায়ের সময়সীমা রয়েছে।

নয়া দিগন্তের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— সাজেকে সেনা-পুলিশের ওপর গুলি।

খবরটিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে পর্যটক ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সড়ক অবরোধের সময় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পর্যটক ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়েন। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল আত্মরক্ষার্তে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি চালায়।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব জানিয়েছেন, অবরোধকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে সেনাবাহিনীর চার থেকে পাঁচজন সদস্য এবং পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে কোনো পর্যটক আহত হননি।

যদিও নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে, এমন খবর অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির দাবি, সাজেকের বাসিন্দাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি বানচাল করতে নিরাপত্তা বাহিনী একতরফাভাবে গুলি চালিয়েছে।

 

জে/এইচ

Link copied!