বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

গফরগাঁওয়ে রেলপাত উধাও, অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:০৬ এএম

গফরগাঁওয়ে রেলপাত উধাও, অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে দুবৃত্তরা রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে পাত তুলে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে রেললাইন মেরামতের কাজ চলছে।

Link copied!