আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কোথাও গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক কোনো তথ্য চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
তিনি বলেন, গুজব বা উসকানির মাধ্যমে কেউ যাতে পূজার পরিবেশ নষ্ট কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্যও তিনি অনুরোধ জানান।
মতবিনিময় সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত, নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা এবং পর্যাপ্ত আলোকসজ্জার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নারী ভক্তদের সম্ভাব্য সমস্যা দ্রুত শনাক্ত করে সমাধানের পাশাপাশি শিশুদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
সভায় পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
