চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। তার পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ শেষ করে দেয়া, কাপনের কাপড় প্রস্তুত রাখাসহ একাধিক বার্তা পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কোডযুক্ত অজ্ঞাতনামা এক ব্যবহারকারীর কাছ থেকে বার্তাগুলো আসে।
বার্তায় অজ্ঞাত ব্যক্তির পাঠানো মেসেজগুলো ছিল- ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
এ ছাড়া বার্তায় আরও লেখে, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস তোর জীবনের কথা চিন্তা করিস তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
