কামাল পারভেজ, চট্টগ্রাম :
চট্টগ্রাম বন্দরে লস্কর পদ থেকে ইনল্যান্ড মাস্টার পদে পদোন্নতি ও প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার নিয়োগ ঘিরে অনিয়ম, স্বজনপ্রীতি এবং যোগ্যতার শর্ত উপেক্ষার অভিযোগ উঠেছে। এ নিয়ে অতীতেও একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগগুলোর দৃশ্যমান নিষ্পত্তি না করে কর্তৃপক্ষ বারবার নিয়োগ পরীক্ষার আয়োজন করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। আগামী ২২ নভেম্বর আবারও নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করায় নতুন করে প্রশ্ন উঠেছে বন্দর প্রশাসনের ভূমিকা নিয়ে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন চট্টগ্রাম বন্দরের লস্কর পদে কর্মরত তৌহিদুল ইসলাম। তিনি হারবার মাস্টার জহিরের ভাই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ না করলেও তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হওয়ার পাশাপাশি প্রথম শ্রেণির ইংল্যান্ড মাস্টার সনদ, সনদ অর্জনের পর দুই বছরের চাকরির অভিজ্ঞতা এবং কর্ণফুলী এন্ডোর্সমেন্ট থাকতে হবে। কিন্তু অভিযোগকারীদের দাবি, তৌহিদুল ইসলাম প্রথম শ্রেণির ইংল্যান্ড মাস্টার সনদ পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত প্রয়োজনীয় দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেননি। এমনকি তাঁদের দাবি, ওই সময় তাঁর ছয় মাসের অভিজ্ঞতাও পূর্ণ হয়নি।
নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের সনদ ও অভিজ্ঞতার কাগজপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা হারবার মাস্টার জহিরের সঙ্গে তৌহিদুল ইসলামের পারিবারিক সম্পর্ক থাকায় স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে। অভিযোগকারীদের দাবি, নিরপেক্ষ যাচাইয়ের পরিবর্তে তৌহিদুলের আবেদন যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও নথিপত্রের স্বাধীন যাচাই প্রয়োজন।
নৌপরিবহন অধিদপ্তর অভ্যন্তরীণ জাহাজ (লোক নিয়োগ, পরীক্ষা গ্রহণ ও সার্টিফিকেট প্রদান) বিধিমালা, ২০০১ অনুযায়ী মাস্টারদের যোগ্যতা সনদ প্রদান করে। সংশ্লিষ্ট সূত্রের বর্ণনা অনুযায়ী, একজন নাবিক লস্কর পদে তিন বছর চাকরির পর তৃতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর নির্ধারিত অভিজ্ঞতা অর্জন করে দ্বিতীয় শ্রেণির ইংল্যান্ড মাস্টার এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতা শেষে প্রথম শ্রেণির ইংল্যান্ড মাস্টার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। প্রথম শ্রেণির সনদ পাওয়ার পর সংশ্লিষ্ট জাহাজে চাকরির অভিজ্ঞতার ভিত্তিতেই দুই বছরের শর্ত পূরণের বিষয়টি বিবেচ্য।
এর আগেও তৌহিদুল ইসলামের তৃতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ ও পদোন্নতির যোগ্যতা নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তিনি ২২ অক্টোবর ২০১৩ সালে চট্টগ্রাম বন্দরে লস্কর পদে যোগদান করেন। পরবর্তী সময়ে ৩ এপ্রিল ২০১৪ তারিখের দপ্তরাদেশ নং-৭৭/২০১৪ অনুযায়ী ইঞ্জিন ড্রাইভারের অধীনে ক্লিনারের দায়িত্ব পালন করেন। এ অবস্থায় অভ্যন্তরীণ জাহাজ বিধিমালা অনুযায়ী তাঁর প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতা ও পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। নৌপরিবহন অধিদপ্তরে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা নিয়েও অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। গত ৪ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক স্বাক্ষরিত স্মারক নং-১৮,০৪,০০০০,১৮১,০১১,০৬১-২০২১/৬৬-এর মাধ্যমে তৌহিদুল ইসলামের ইনল্যান্ড মাস্টার তৃতীয় শ্রেণির পদোন্নতি বিষয়ে পত্র পাঠানো হয়।
এর আগে অভিযোগের বিষয়ে তৎকালীন পরিচালক (প্রশাসন) ওমর ফারুক জানিয়েছিলেন, অভিযোগ থাকলে কাগজপত্র যাচাইয়ের জন্য পাঠানো হবে এবং জালিয়াতি প্রমাণিত হলে বরখাস্ত করা হবে। কিন্তু অভিযোগকারীদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর তদন্ত বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বরং একাধিকবার নিয়োগ পরীক্ষার জন্য নোটিশ দেওয়া হলেও সংবাদ প্রকাশ ও বিতর্কের পর পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে আবারও পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এবার আগামী ২২ নভেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে বর্তমান পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিউজের বিষয়ে কোনো মন্তব্য থাকলে সচিব বক্তব্য দেবেন। পরে সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
একাধিকবার সংবাদ প্রকাশ, লিখিত অভিযোগ এবং যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পরও কেন অভিযোগগুলোর নিষ্পত্তি না করে বারবার নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে—এখন সেই প্রশ্নই সামনে এসেছে। নিয়োগ পরীক্ষার আগে তৌহিদুল ইসলামের সনদ, সনদ অর্জনের তারিখ, দুই বছরের চাকরির অভিজ্ঞতা, কর্ণফুলী এন্ডোর্সমেন্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগ নিষ্পত্তি না করে পরীক্ষা নেওয়া হলে পুরো নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে।
