খাল পুনঃখননের পর পাড়ের মাটি ধসে আবার খালের ভেতরেই পড়ছে। কোথাও কোথাও ভাঙনের কবলে পড়েছে আবাদি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। এতে খাল খননের সুফল পাওয়া তো দূরের কথা, উল্টো জমি রক্ষা নিয়ে উদ্বেগে পড়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কৃষকরা।
এমন চিত্র দেখা গেছে উপজেলার আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত পাঁচ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পে।
কৃষকের ‘কপাল পুড়িয়ে’ ভেকু দিয়ে খাল খনন
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে খনন এবং পাড় সুরক্ষায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বৃষ্টির পানিতে ধসে পড়ছে খালের মাটি। কোথাও কোথাও পাড়ের মাটি আবার খালেই গিয়ে পড়ছে। ফলে একদিকে কৃষিজমি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে খাল পুনঃখননের স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে সংশয়।
অন্যদিকে, এক কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দের এ প্রকল্পে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা ফেরত দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। ধান কাটার মৌসুমে শ্রমিক না পাওয়াকে অর্থ ফেরতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে প্রকল্পের প্রতিশ্রুত রাস্তা নির্মাণ, গাছ লাগানো এবং পাড় সুরক্ষার কাজ কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে খালের প্রস্থ ৯ দশমিক ১৬ মিটার ও গভীরতা চার মিটার নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি খালের দুই পাশে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ এবং দুই হাজার ৬০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল। চলতি বছরের ১৬ মার্চ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রকল্পটির উদ্বোধন করেন।
পাড়ধসে জমি হারানোর শঙ্কা
সম্প্রতি সরেজমিন খালের বিভিন্ন অংশে পাড় ধসের চিত্র দেখা গেছে। কোথাও পাড়ের মাটি সরে গিয়ে কৃষিজমির অংশ খালের মধ্যে বিলীন হচ্ছে। আবার কোনো কোনো স্থানে ভাঙনের প্রভাব পড়েছে পাশের সড়কেও। এতে খালপাড়ের জমি রক্ষা এবং মানুষের চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নদী খননের মাটিতে চাপা আশ্রয়ণ প্রকল্পের ঘর
স্থানীয়দের অভিযোগ, খাল খননের সময় শ্রমিক দিয়ে পাড় মজবুত করার পরিবর্তে বেশিরভাগ কাজ খননযন্ত্র দিয়ে করা হয়েছে। ফলে পাড়ের মাটি আলগা থাকায় বৃষ্টির পানিতে তা দ্রুত ধসে পড়ছে। তাদের দাবি, পাড় যথাযথভাবে শক্ত করা এবং ঘাস ও গাছ লাগানোর ব্যবস্থা থাকলে ভাঙনের ঝুঁকি কমানো সম্ভব হতো।
খালপাড়ের জমিতে আবাদ করা কৃষকরা বলছেন, খাল পুনঃখনন তাদের জন্য স্বস্তির কারণ হওয়ার কথা থাকলেও এখন জমি রক্ষাই বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে। পাড়ের মাটি ধসে খালে পড়তে থাকলে একদিকে জমির পরিমাণ কমবে, অন্যদিকে খালের গভীরতা ও পানি ধারণক্ষমতা ধরে রাখাও কঠিন হয়ে পড়তে পারে।
বরাদ্দের প্রায় অর্ধেক টাকা ফেরত
প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল এক কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এর মধ্যে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ মোট বরাদ্দের প্রায় ৪৯ দশমিক ৭ শতাংশ অব্যবহৃত থেকে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধান কাটার মৌসুমে শ্রমিক না পাওয়াকে অর্থ ফেরতের কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে প্রকল্পের আওতায় নির্ধারিত সব কাজ কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
খাল দখল ও অনুমোদনহীন মাছ চাষ বন্ধে ২৬ জনকে লিগ্যাল নোটিশ
বিশেষ করে খালের দুই পাশে পাঁচ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ এবং দুই হাজার ৬০টি গাছ লাগানোর পরিকল্পনা থাকলেও এসব কাজের বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
খালের পাড়ধস, রাস্তা নির্মাণ ও গাছ লাগানো নিয়ে প্রশ্ন থাকলেও কাজের গুণগত মান ঠিক রয়েছে এবং খালের ভেতরে পানি চলাচল অব্যাহত আছে বলে প্রতিবেদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ফলে প্রকল্পের নথিতে উল্লেখিত অগ্রগতি এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্রের মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘খালের দুই পাশে রাস্তা ঠিকভাবে হলে পাড় এত সহজে ভাঙত না। এখন পাড়ধসে মাটি আবার খালের মধ্যেই চলে যাচ্ছে। এতে একদিকে জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে খালও ভরাট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
কৃষক কলিমউদ্দিন বলেন, ‘খালের পাড়ঘেঁষে আমার দুই বিঘা জমিতে এবার ধানের আবাদ করেছি। কিছুদিন আগে খালটি খনন করা হয়েছে। এখন সেই পাড় ধসে জমিতে পড়ছে। অথচ শ্রমিক দিয়ে পাড় ভালোভাবে মজবুত করা হলে, দুই পাড়ে গাছের পাশাপাশি ঘাস লাগানো হলে পাড় ধসে যেত না।’
শরাফত আলী নামের আরেক কৃষক অভিযোগ করে বলেন, ‘এখানে শুধু ভেকু দিয়ে খালের তলা (নিচ) থেকে কিছু মাটি তোলা হয়েছে। লোকজন দিয়ে দুই পাড়ের কোনো কাজ করা হয়নি। দুই পাশে রাস্তা করা হলে মানুষ চলাচল করতে পারত। পাড়ও হয়তো এভাবে ধসে পড়ত না।’
খেলার মাঠে খালের ময়লা ফেলছে সিটি করপোরেশন
এ বিষয়ে কথা হয় প্রকল্পের সভাপতি ও আদারভিটা ইউনিয়ন পরিষদের সদস্য রকিবুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘এই খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পুনরায় খাল খনন শুরু হয়। এখানে পাঁচ ফুটের রাস্তা করা হয়েছিল। ভারী বৃষ্টির কারণে কিছু কিছু অংশ ধসে পড়েছে। সেখানে লাগানো গাছগুলো পড়ে গেছে। তবে খাল খননে এলাকার মানুষের উপকার হয়েছে।’
প্রকল্পের কাজে তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। তিনি বলেন, ‘কাজটি করেছে পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) অফিস ও ইউনিয়ন পরিষদ। আমি এমপির নির্দেশে তদারকি করেছি। এখানে আমার কাজ করার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘খালটি আগে থেকেই ছিল। নতুন করে খাল খনন করিনি। বিদ্যমান খালটি পুনঃখনন করে পানি প্রবাহের ধারা যেন অব্যাহত থাকে, সেই কাজটাই সরকারের নির্দেশনা অনুযায়ী করেছি।’
খাল খনন শেষে ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও
পাড় ধসে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কয়েকটি ইউনিয়ন বালু অঞ্চল। বৃষ্টির কারণে বালুমাটি পানির সঙ্গে চলে গেছে। যেখানে খালের পাড় ধসে গেছে, সেখানেও গাছ ছিল। সেটা হয়তো পড়ে গেছে। তবে আমাদের গাছ লাগানোর কার্যক্রম চালু আছে। আমরা এডিবি এবং
