রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

খুলনায় মুদি দোকানদারকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৫০ পিএম

খুলনায় মুদি দোকানদারকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামে এক মুদি দোকানদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ধনঞ্জয় কুন্ডু গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে। তিনি স্থানীয় গাছতলা মন্দির মোড় এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে দুই অজ্ঞাত ব্যক্তি গাছতলা মন্দিরের সামনে আসে। এ সময় তারা ধনঞ্জয় কুন্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি তাঁর পেটে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেএইচ

Link copied!