যশোরে আপন দাদার বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২২ অক্টোবর দুপুরে শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তোভোগীর স্বজন। রোববার (২৫ অক্টোবর) সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি একই গ্রামে।
শিশুটির মা জানান, ২২ অক্টোবর দুপুর ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
