চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই অনুমতি ছাড়াই ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি ছাত্রীদের আবাসিক হলের পাশেও ড্রোন ওড়ানোর ঘটনা ঘটছে। এতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরে ড্রোন ক্যামেরা ওড়াতে হলে আগে থেকেই প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে। একই সঙ্গে ড্রোন পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য সরকারি আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
