শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
২০ লাখ টাকা চাঁদা দাবি

অস্ত্রধারীদের হুমকিতে বন্ধ চয়নিকা ফার্মেসি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৮:০৩ পিএম

অস্ত্রধারীদের হুমকিতে বন্ধ চয়নিকা ফার্মেসি

 চাঁদা দাবি ও প্রাণনাশের আশঙ্কায় খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে। ফার্মেসির ব্যবস্থাপক বাবুর কাছে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং পরে অস্ত্রধারী দুই ব্যক্তির সরাসরি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদার টাকা প্রস্তুত না রাখলে তাঁকে তুলে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তার শঙ্কায় ফার্মেসিটি বন্ধ রেখেছে মালিকপক্ষ। ব্যবস্থাপকও বাসা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পাঁচ দিন আগে একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ফার্মেসির ব্যবস্থাপক বাবুকে ফোন করা হয়। এ সময় তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং বিষয়টি মালিককে জানাতে বলা হয়। জবাবে বাবু নিজেকে একজন কর্মচারী বলে পরিচয় দেন।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি ফার্মেসিতে গিয়ে চাঁদার টাকা প্রস্তুত না রাখলে ব্যবস্থাপককে তুলে নেওয়ার হুমকি দেন। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। ঘটনার পর ব্যবস্থাপক নিজের নিরাপত্তার আশঙ্কায় বাসা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

দুই যুগের পুরোনো ফার্মেসি বন্ধ:

দুই যুগেরও বেশি সময় ধরে পরিচালিত চয়নিকা ফার্মেসি স্থানীয় বাসিন্দাদের কাছে পরিচিত একটি প্রতিষ্ঠান। দোকানটি বন্ধ থাকায় ওষুধ কিনতে আসা গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সঙ্গে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

আশপাশের ব্যবসায়ীরা জানান, তাঁরা সাধারণত গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখেন। কিন্তু গত বুধবার রাত সাড়ে ৯টার পর থেকেই চয়নিকা ফার্মেসিটি বন্ধ দেখা যায়। বৃহস্পতিবারও প্রতিষ্ঠানটি খোলেনি।

ফার্মেসির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তাঁর অনুপস্থিতির কথা জানানো হয়। পরে তিনি জানালার আড়াল থেকে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তবে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

ব্যবস্থাপকের বাসায় তালা:

নগরীর মিয়াপাড়া সুলতানা হামিদ আলী স্কুলের পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ব্যবস্থাপক বাবুর বাসা। সেখানে গিয়ে তাঁর ঘরের দরজায় তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেশীরা জানান, তিনি ঠিক কখন বাসা ছেড়ে চলে গেছেন, তা তাঁরা নিশ্চিত নন।

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ:

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, চাঁদা দাবির বিষয়টি তিনি শুনেছেন। তবে ভুক্তভোগীরা নির্দিষ্ট করে কারও নাম বা সুনির্দিষ্ট তথ্য জানাননি। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ:

এর আগে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নগরীর কুইন্স হাসপাতাল, সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং চাইনিজ প্যালেসে ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগের মধ্যে চয়নিকা ফার্মেসি বন্ধ হয়ে যাওয়ায় নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে চয়নিকা ফার্মেসির ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে চাঁদা দাবির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, হুমকির সত্যতা এবং ঘটনার পেছনের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ, ঘটনার তদন্ত এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেএইচ

Link copied!