নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের এক অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে।
আটক সাইফুল ইসলাম সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মমিন উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মোড় ওসমান গনির নেতৃত্বে একটি টিম ২৮ অক্টোবর রাতে দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মূল কারিগর সাইফুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাচারী ঘরটিতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের বাট রাখার ১টি বস্তু, ১টি লোহার এলজি বাট, ১টি কাঠের বন্দুকের বাট, বন্দুকের বডির ৩টি লোহার অংশ, ৩টি প্লাস, তারসহ ১টি গ্রাইন্ডিং মেশিন, ৩টি রেত, ১টি ট্রিগার, ১টি বোল্ড এবং ৮টি এসএস স্টিলের অংশ জব্দ করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
