সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২০ ঘণ্টার ব্যবধানে খুলনায় দুই খুন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:২২ পিএম

২০ ঘণ্টার ব্যবধানে খুলনায় দুই খুন

খুলনা নগরীতে ২০ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় আড়ংঘাটা থানার রায়মহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাতী দলের এক নেতা নিহত হয়েছেন।

এর আগে শনিবার রাতে দরগাপাড়া এলাকায় চাপাতির কোপে শহিদুল (৩৫) নামে এক যুবক খুন হন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়মহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হুমায়ুন কবির। তিনি তাতী দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। স্বজনদের ভাষ্য, এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন। তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

কেএমপির খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান আলী বলেন, ‘ঘটনাটি খালিশপুর ও আড়ংঘাটা থানার সীমান্তবর্তী এলাকায়। তবে ঘটনাস্থল আড়ংঘাটা থানা এলাকায় পড়েছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!