দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সদস্যদের কল্যাণ, উন্নত কর্মপরিবেশ, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
তিনি বলেছেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না হলে একটি দক্ষ ও জনবান্ধব বাহিনী গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সিভিক সেন্টারে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ লাইন্সের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থানগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন পুলিশ সুপার। একই সঙ্গে এসব জায়গায় শাকসবজি ও ফলমূল চাষের উদ্যোগ নেওয়ার জন্য সদস্যদের উৎসাহিত করেন। তাঁর মতে, এতে অব্যবহৃত জমির যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ ও স্বনির্ভরতা বাড়বে।
সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে নিয়মিত খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে প্রতিটি থানায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও উপকরণ সরবরাহের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও সদস্যদের সতর্ক করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন), ডিআইও-১, আরআই, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
