দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনা জোন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পেইনে স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পেইনে সর্দি, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন শীতজনিত ও সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ পিএসসি ক্যাম্পেইনস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবার কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মোঃ আজিমুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। বিশেষ করে শীতের শুরুতে সর্দি, জ্বর ও বিভিন্ন চর্মরোগের প্রকোপ দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা স্থানীয় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য হলো, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।
তিনি আরও বলেন, “শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতেও সুযোগ ও প্রয়োজন অনুযায়ী দুর্গম এলাকার সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।”
স্থানীয় দুর্গম জনপদে এ ধরনের উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার মানুষ নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
