শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৩০০ পিস নিষিদ্ধ ক্রিম জব্দ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৪:১৩ পিএম

শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ১৩০০ পিস নিষিদ্ধ ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম রুটের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়। পরে তাঁর ব্যাগ থেকে এসব নিষিদ্ধ প্রসাধনী উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দ করা ক্রিমগুলো আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে দেশে আনা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের প্রসাধনী আমদানি ও বাজারজাতকরণ প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় নিষিদ্ধ ও ক্ষতিকর প্রসাধনীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ আমদানি ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ক্ষতিকর ফেস ক্রিম দেশের বাজারে ছড়িয়ে পড়া রোধে এ ধরনের তৎপরতা আরও বাড়ানো হবে।

জেএইচ

Link copied!