আনন্দ ভ্রমণ যেনো হঠাৎ থমকে দাঁড়ালো, ঘুর অন্ধকার নেমে এলো নিমিষেই দু`টি তাজা প্রাণ নিস্তব্ধতা হয়ে গেলো। আনন্দ-যাত্রা বিষাদে পরিনতি হলো। চারদিকে চিৎকার আর কান্না, অশ্রু ঝরছিল আহতদের আর সহপাঠীদের। বাসটি যেনো অর্ধেক দুমড়ে মুচড়ে গেলো। আর এই দুর্ঘটনা ঘটলো চট্টগ্রামের সাতকানিয়ায়। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সফরে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালান।
শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও মো. ইসরাফিল (৫৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল তিসা পরিবহনের একটি বাস। বার্ষিক শিক্ষাসফরের অংশ হিসেবে তাঁরা কক্সবাজার যাচ্ছিলেন। ভোরে বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি মহাসড়কের পাশের গভীর পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। আহতদের উদ্ধার করে কেরানীহাট এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বুড়িচংয়ের শাহ জালাল (৬২), তাঁর স্ত্রী পারভিন আক্তার (৫১), নোহা আক্তার (১৫), নিহা (১৫), আলাউদ্দিন (৩২) ও খাদিজা (৬)।
এ ছাড়া নাদিরা আফরোজ মেঘলা নামের এক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালান। এ ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
