শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

​রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

​রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০৫:০১ পিএম

​রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রাঙামাটিতে একটি বর্ণাঢ্য র‌্যালি ও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
​শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
​এ সময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ও সহসাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমাসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​এর আগে সকালে নগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা ওলামা দলের আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
​দিবসটির অন্যান্য কর্মসূচির মধ্যে বিকেলে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়। এছাড়া সন্ধ্যায় দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভা এবং জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
​উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবছর বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। চলতি বছর দিবসটির ৫১তম বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলা ও এর বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

জেএইচ

Link copied!