সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৩:৫০ পিএম

ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জহিরুল ইসলাম জহির নামে এক নেতা। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা এনসিপির সদস্যসচিব ছিলেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পদত্যাগের ঘোষণা দিয়ে জহির একটি পোস্ট করেন। ব্যক্তিগত কারণসহ আরো কিছু বিষয় নিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে জহির লিখেছেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এতে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাহিরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।’

স্থানীয় সূত্র জানায়, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌরসভার সদস্যসচিব মনোনীত করা হয়।

বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহকে মোবাইলফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ‘ফেসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছে।
পোস্টটি দেখেছি। তবে কি কারণে পদত্যাগ করেছে তা জানা নেই।’

জেএইচ

Link copied!