সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩ , আহত ২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৩:৪৪ পিএম

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩ , আহত ২৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম (৫০), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতির আশিক। 
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমসহ অনেকেই সদর হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি থামাননি। এতে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাকিবুল আহছান জানান, বেলা সাড়ে ১১টার দিকে সাড়ে দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পৌঁছে দেয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে ছিলো। বাস উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
 

জেএইচ

Link copied!