জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী সমবায় মেলার আয়োজন করা হলেও উদ্বোধনের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই গুটিয়ে নেওয়া হয় অধিকাংশ স্টল। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও উদ্বোধন করা হয় দুপুরে। এরপর অতিথিদের পরিদর্শন শেষ হতে না হতেই স্টলগুলো থেকে পণ্য সরিয়ে নিতে শুরু করেন সংশ্লিষ্টরা। এতে মেলার আয়োজনকে ঘিরে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে মোট ১০টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে সমবায় সংগঠনগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার কথা ছিল। সে অনুযায়ী সকাল থেকেই স্টলগুলো সাজিয়ে প্রস্তুত রাখা হয়। তবে নির্ধারিত সময়ে উদ্বোধন না হওয়ায় স্টলগুলোতে পণ্য বিক্রির কার্যক্রমও শুরু হয়নি। পরে দুপুর ২টা ৫০ মিনিটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পর অতিরিক্ত জেলা প্রশাসকসহ সমবায় বিভাগের কর্মকর্তারা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। তাঁদের পরিদর্শন শেষ হওয়ার পরপরই প্রায় পাঁচ মিনিটের মধ্যে স্টলগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা পণ্য গুটিয়ে নিতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই অধিকাংশ স্টল ফাঁকা হয়ে যায়। ফলে দিনব্যাপী মেলার ঘোষিত কর্মসূচি বাস্তবে কয়েক মিনিটের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে। সাধারণ দর্শনার্থীদের পণ্য দেখা, কেনাকাটা কিংবা সমবায় সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে জানার সুযোগও কার্যত তৈরি হয়নি।
এদিকে মেলার সময়সূচি ও এত দ্রুত স্টল গুটিয়ে নেওয়ার কারণ জানতে জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবালের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে তিনি দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। এ সময় সাংবাদিকরা বারবার বিষয়টি জানতে চাইলে অধীনস্থ এক কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সাংবাদিকদেরকে ৫০০ টাকা করে ধরায়ে দাও, চলে যাবে।’ তাঁর এমন মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান বলেন, সমবায় মেলার উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নয়। এর মাধ্যমে সমবায়ীদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার ঘটানো এবং সাধারণ মানুষের সঙ্গে সমবায় সংগঠনগুলোর সম্পৃক্ততা বাড়ানোর কথা। অথচ উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যেই মেলা গুটিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বহীনতার পরিচয়। এর পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজনের যথাযথ কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমি জানতে চাইব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
দিনব্যাপী সমবায় মেলার নামে এমন দায়সারা আয়োজনের ঘটনায় স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তাদের মতে, সরকারি উদ্যোগে আয়োজিত এ ধরনের কর্মসূচি যেন কেবল উদ্বোধন, ফটোসেশন ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
