চট্টগ্রাম বন্দর মনোহরখালী অফিসার কলোনির দক্ষিণ পাশের বাউন্ডারি দেয়ালটি ২০২২ সালে নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। অথচ নির্মাণের চার বছর পূর্ণ হওয়ার আগেই প্রায় ১২০ ফুট দৈর্ঘ্য দেয়ালটি নিজ থেকেই ধসে পড়েছে। অভিযোগ রয়েছে, তৎকালীন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান ও তৃতীয় শ্রেণির কর্মচারী (পদবি লস্কর) আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা নায়েবুল ইসলাম ফটিকের যোগসাজশে কোনো দরপত্র ছাড়াই নির্মাণকাজটি করা হয়। দেয়াল নির্মাণে কোনো রড ব্যবহার না করায় এবং প্রকৃত ব্যয়ের তুলনায় বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। নাম প্রকাশের অনিচ্ছুক বন্দরের এক কর্মকর্তার দাবি, প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছিল। প্রায় ২০ বছর স্থায়ী হওয়ার কথা থাকলেও চার বছরেই দেয়ালটির এই পরিণতি বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের কাজের মান ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। গত ২০ দিন হলো দেয়ালটি ভেঙ্গে পড়েছে। হয়তো প্রকৌশলী বিভাগ নতুন করে ভাবছে এই দেয়াল নির্মাণের জন্য এবার কত কোটি বরাদ্দ করা যেতে পারে।
