শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
স্বপ্নের পোশাকে শেষ পরীক্ষা

চার বছরের সৃজনশীলতা ও দক্ষতার মূল্যায়নে শিক্ষার্থীদের পাশে শিল্পাঙ্গনের বিশেষজ্ঞরা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০১:৩২ পিএম

চার বছরের সৃজনশীলতা ও দক্ষতার মূল্যায়নে শিক্ষার্থীদের পাশে শিল্পাঙ্গনের বিশেষজ্ঞরা

সুতা, কাপড় আর কল্পনার মিশেলে গড়া নিজেদের শ্রেষ্ঠ নকশা নিয়ে জুরি প্যানেলের সামনে দাঁড়ালেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা। স্প্রিং-২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল ১১টায়। বিভাগীয় আয়োজনে এই জুরিতে চার বছরের শিক্ষাজীবনের তাত্ত্বিক জ্ঞান, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতার সমন্বিত মূল্যায়ন করা হয়।
অতিথি ও জুরি প্যানেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির এবং বিশেষ অতিথি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। জুরি সদস্য হিসেবে ছিলেন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রাইভেট) লিমিটেডের হেড অব ডিজাইন সন্দরুওয়ান কুমারাসিংহে, একই প্রতিষ্ঠানের ডিভিশনাল ম্যানেজার (ফ্যাব্রিক টেকনোলজি অ্যান্ড সোর্সিং) মো. সানভির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী।
“বিশ্বদরবারে বাংলাদেশের ফ্যাশনশিল্পকে তুলে ধরুন”:
প্রধান অতিথি প্রফেসর ড. এস. এম. নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন একটি সৃজনশীল ও সম্ভাবনাময় পেশা, যেখানে নান্দনিকতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব দক্ষতার সমন্বয় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের পরিবর্তন ও চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুনত্বপূর্ণ ডিজাইনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ফ্যাশনশিল্পকে তুলে ধরার কথাও বলেন তিনি।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ফ্যাশনশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান তিনি।
জুরিদের পরামর্শ: সৃজনশীলতার সঙ্গে চাই কারিগরি নিখুঁততা
মো. আরিফুল ইসলাম বলেন, সৃজনশীলতার পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান, নকশার যথার্থতা ও নির্মাণের কারিগরি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব চিন্তার প্রতিফলনের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশনধারার সঙ্গে সামঞ্জস্য রাখার ওপরও তিনি জোর দেন।
সন্দরুওয়ান কুমারাসিংহে বলেন, সফল ডিজাইনের জন্য প্রয়োজন নিজস্ব সৃজনশীলতা, কনসেপ্টের স্বচ্ছতা, রঙের সমন্বয় এবং ফিনিশিংয়ে বিশেষ মনোযোগ। প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করা এবং ডিজাইনকে আরও পরিশীলিত ও সময়োপযোগী করার পরামর্শ দেন তিনি। মো. সানভির চৌধুরী বলেন, বর্তমান তৈরি পোশাকশিল্পে একজন ডিজাইনারের জন্য ফ্যাব্রিক সম্পর্কে গভীর জ্ঞান, সঠিক উপকরণ নির্বাচন, সোর্সিং এবং উৎপাদন-উপযোগী নকশা প্রণয়নের দক্ষতা অপরিহার্য। নান্দনিকতার পাশাপাশি ব্যবহারিক উপযোগিতা, গুণগত মান ও উৎপাদনসংশ্লিষ্ট বিষয় বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি।
জুরি সদস্যরা শিক্ষার্থীদের উপস্থাপিত ডিজাইন ও পোশাক ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন এবং মূল্যায়ন, গঠনমূলক মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এমন আয়োজন একাডেমিক জ্ঞান ও শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে কুহেলী চৌধুরী বলেন, ফ্যাশন ডিজাইন শিক্ষার লক্ষ্য কেবল নান্দনিক পোশাক তৈরি নয়; বরং সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞানের সমন্বয়ে দক্ষ ফ্যাশন পেশাজীবী গড়ে তোলা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম, গবেষণা ও সৃজনশীলতা তাঁদের ফাইনাল ড্রেসে ফুটে উঠেছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যৎ পেশাজীবনে নতুনত্ব, গুণগত মান ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিভাগের প্রভাষক এস. এম. তাওসিফ, সৈয়দা আত্কিয়া ফাইজা, অর্পিতা দেবী ও সৈয়দা নাজনীন আহসান উপস্থিত ছিলেন।
 

জেএইচ

Link copied!