বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. নছরুল কদির। তিনি বলেছেন, এ খাতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান তৈরি করতে হলে শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ এবং আইটেস্ট বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিয়ন্ড ইঞ্জিনিয়ারিং: এক্সপ্লোরিং দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং এ খাতে দেশি-বিদেশি কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
উপাচার্য বলেন, সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় প্রযুক্তিনির্ভর খাত। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, বাস্তবভিত্তিক প্রকল্প এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি নতুন উদ্ভাবনের পথও তৈরি হবে। আইটেস্ট বাংলাদেশের সঙ্গে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামনে নতুন কর্মক্ষেত্রের সম্ভাবনা উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটেস্ট বাংলাদেশ-এর টিম লিড মো. মাশুর শ্লেহিন। তিনি সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক বাজার, চিপ ডিজাইন, উৎপাদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা এবং এ খাতে ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, গবেষণামুখী চিন্তা ও প্রযুক্তিগত সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সেশন চেয়ার ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং আইটেস্ট বাংলাদেশ-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তানভীর মোরশেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। এ সময় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক সরিত ধর, কল্লোল দে এবং প্রভাষক সৌমেন দত্ত, আবির ধর, রীজমা সামানজা নিলয় ও মেহেরীন ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, প্রচলিত প্রকৌশল শিক্ষার পাশাপাশি উদীয়মান প্রযুক্তি ও শিল্পক্ষেত্র সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়লে সেমিকন্ডাক্টর খাতে গবেষণা, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
