সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোনো বিরোধে ফের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৫:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুরোনো বিরোধে ফের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে এনাম ও আক্তার গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে এনাম গ্রুপের নেতা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁকে মারধরের ঘটনার পর বুধবার সকালে ইছাপুরা গ্রামে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এনাম ও আক্তার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির জেরে ইছাপুরা গ্রামে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ওই ঘটনার পরও বিরোধের অবসান হয়নি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ইছাপুর ইউনিয়নের আড়িয়ল বাজারসংলগ্ন আড়িয়ল সেতু এলাকায় এনাম খাঁকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে আক্তার গ্রুপের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, প্রায় ৫০ বছর ধরে দুই পক্ষের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!