সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের ডিডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

আরাফাত খাঁন, বান্দরবান

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৫:১০ পিএম

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের ডিডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোর বরাদ্দ, স্থানান্তর, শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের বেতন উত্তোলনকে কেন্দ্র করে গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের উপ-পরিচালক (ডিডি) মো. সেলিম উদ্দিন এবং ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বেশ কয়েকজন শিক্ষক। অভিযোগের পেছনে শক্ত প্রমাণ হিসেবে একাধিক ফোনালাপের রেকর্ড হাতে এসেছে এই প্রতিবেদকের ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, ডিডি সেলিম উদ্দিন বিভিন্ন সময়ে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সেলাই প্রশিক্ষক মেরি আক্তারকে দিয়ে হুমকি ধমকি দিয়ে আর্থিক সুবিধা নিয়ে থাকেন। প্রতিবেদকের হাতে আসা এমনই একটি ফোনালাপের অডিও রেকর্ডে মেরি আক্তার কর্তৃক ডিডি সেলিমের নির্দেশে একজন শিক্ষককে ক্লাস না করার অভিযোগ তুলে ২ হাজার টাকা চা খরচ চাওয়া হয় নাহলে তার বেতন থেকে অর্ধেক টাকা কেটে নেয়ার হুমকি দেন মেরি আক্তার এসময় পাশেই উপস্থিত ছিলেন ডিডি সেলিম উদ্দিন। অন্য একটি কথোপকথনে শিক্ষা কেন্দ্র স্থানান্তরের জন্য ৬ হাজার টাকা এবং কেন্দ্র পরিবর্তন করতে চাইলে ৮ হাজার টাকা পর্যন্ত দাবি করেন মেরি আক্তার। এসময় তাকে এইসব টাকা ডিডি সেলিমকে দিতে হবে এমনই বলতে শোনা যায়।

তাছাড়া বান্দরবান সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব কাইচতলী এলাকায় একটি শিশু শিক্ষা কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে ২০ হাজার টাকা লেনদেনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ডিডি সেলিমের ভয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক মুখ খুলতে রাজি হননি।

একই ইউনিয়নের পশ্চিম কাইচতলী এলাকায় শিক্ষক মো. শাহজাহানের দায়িত্বে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রটি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এই কেন্দ্র বরাদ্দের জন্যও ৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে নিয়মিত শিক্ষার্থী ও পাঠদান কার্যক্রম সচল রয়েছে।

এদিকে শিক্ষক মো. শাহজাহানের নিয়মিত বেতন উত্তোলন নিয়েও হয়রানির অভিযোগ উঠেছে।

শিক্ষক শাহাজাহান অভিযোগ করেন, পশ্চিম কাইচতলী কেন্দ্রের বেতন উত্তোলন করতে হলে উপপরিচালকের জন্য কমিশন দিতে হয়। ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের মাধ্যমে উপপরিচালক মো. সেলিম উদ্দিনের পক্ষে ৬ হাজার টাকা দাবি করা হয়। এই টাকা না দেওয়ায় তার বেতন আটকে রাখা হয়েছে।

সুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার একটি মসজিদে দুটি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি কেন্দ্র বরাদ্দের জন্য ২০ হাজার টাকা এবং অন্যটির জন্য ৫ হাজার টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সরেজমিন অনুসন্ধানে কেন্দ্র দুটিতে শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত নগণ্য দেখা গেছে, যা নিয়ে কেন্দ্রগুলোর প্রকৃত কার্যক্রম ও সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

অভিযোগকারীদের সরবরাহকৃত একটি ফোনালাপে উপপরিচালক মো. সেলিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘মেরির সঙ্গে কথা বলে নাও, না হলে আমি স্বাক্ষর করব না।’

পরবর্তীতে মেরি আক্তার সংশ্লিষ্ট এক শিক্ষককে ফোন করে জানান, ‘স্যার ( ডিডি সেলিম) ৬ হাজার টাকা চা খরচ দিতে বলেছেন, না হলে স্বাক্ষর করবেন না।’ প্রশাসনিক অনুমোদন ও স্বাক্ষর দেওয়ার বিনিময়ে এ ধরনের অর্থ দাবি নৈতিকতার চরম লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয়রা।

অর্থ লেনদেনের পাশাপাশি ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, মেরি আক্তার এক শিক্ষককে উদ্দেশ্য করে অত্যন্ত অহংকারমূলক ভাষায় বলেছেন, ‘আমি সব হুজুরকে আমার পায়ে ধরাবো।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলাই প্রশিক্ষক মেরি আক্তার তা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তিনি কোনো টাকা-পয়সার বিষয়ে কথা বলেননি এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

অপরদিকে, এ বিষয়ে অভিযুক্ত জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডিডি মো. সেলিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন আপনি তথ্য পেলে প্রকাশ করে দেন। আপনারা হুজুরদের থেকে টাকা খেয়ে আমার বিরুদ্ধে লেগেছেন। আপনার যা মনচায় করেন। আপনি কিসের সাংবাদিকতা করেন মিয়া। আমি কারো থেকে টাকা নেয়নি। তোমার কাছে তথ্য থাকলে প্রকাশ করে দাও আমি এইসব ভয় পাইনা।

ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় বান্দরবানের সুধীসমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের জোরালো দাবি, সুয়ালক ইউনিয়নের পশ্চিম কাইচতলী ও গয়ালমারা এলাকাসহ জেলার সব শিশু শিক্ষা কেন্দ্রের প্রকৃত অবস্থান, শিক্ষার্থী সংখ্যা, নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি এবং কেন্দ্র বরাদ্দ ও স্থানান্তরের সম্পূর্ণ প্রক্রিয়াটি সরেজমিনে তদন্ত করা হোক। ফোনালাপের সত্যতা যাচাই করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!