সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনায় বেপরোয়া অপরাধজগৎ, অস্ত্রের সহজলভ্যতা ও দ্রুত জামিনে বাড়ছে সন্ত্রাস-চাঁদাবাজি

মো:মোজাহিদুর রহমান

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:০৫ পিএম

খুলনায় বেপরোয়া অপরাধজগৎ, অস্ত্রের সহজলভ্যতা ও দ্রুত জামিনে বাড়ছে সন্ত্রাস-চাঁদাবাজি

রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ, নিয়ন্ত্রণহীন অপরাধী গ্রুপ; আতঙ্কে ব্যবসায়ী ও নগরবাসী

খুলনায় ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে অপরাধজগতের সন্ত্রাসী গ্রুপগুলো। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজিকে আয়ের নতুন উৎস হিসেবে বেছে নিয়েছে অপরাধী চক্রের একাংশ। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, হোটেল, রেস্তোরাঁ, কোচিং সেন্টার থেকে শুরু করে সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠান—কোনো কিছুই বাদ যাচ্ছে না চাঁদাবাজদের লক্ষ্যবস্তু থেকে। কোটি টাকা চাঁদা দাবি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলি ও বোমা হামলার হুমকি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় নগরজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। কেউ কেউ ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ বাড়ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর অপরাধজগতের পুরোনো গ্রুপগুলো নতুন করে সংগঠিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। একক রাজনৈতিক নিয়ন্ত্রণ ভেঙে যাওয়ার পর বিভিন্ন গ্রুপ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা, মাদকের বিস্তার, তরুণদের অপরাধে সম্পৃক্ত করা এবং গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্তির ঘটনা।

হত্যাকাণ্ড ও সন্ত্রাসের পরিসংখ্যান উদ্বেগজনক

পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হয়েছেন ৭৭ জন। এর মধ্যে ২৫ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে গত সাড়ে ১০ মাসে নিহতের সংখ্যা ৭৮ এবং প্রকাশ্যে গুলিতে নিহতের সংখ্যা ২৬ বলেও উল্লেখ করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, মহানগরীর আট থানায় তালিকাভুক্ত সন্ত্রাসীর সংখ্যা ১৮১। এ ছাড়া ৫৮৪ জন মাদক বিক্রেতা ও ৬৯ জন চাঁদাবাজের তালিকা রয়েছে। এত বড় তালিকা থাকার পরও অপরাধীদের তৎপরতা বন্ধ না হওয়ায় পুলিশের নজরদারি ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

নগরীর ময়লাপোতা মোড়ের একটি তারকা হোটেলের মালিকের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে নূর আজিম গ্রুপের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা হোটেল মালিকের সঙ্গে কথা বলতে গেলেও তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। হোটেলটিতে বিদেশি নাগরিকদের অবস্থান থাকায় সম্ভাব্য হামলার ঘটনায় তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, শুধু হোটেল নয়, সব প্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেখভালের দায়িত্ব পুলিশের। তাঁরা সেই দায়িত্ব পালন করছেন। তবে চাঁদাবাজির কারণে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। জাহিদ ইলেকট্রনিকস ও চয়নিক ফার্মেসিসহ রূপসা পশ্চিম পাড়ার কয়েকটি ফার্মেসি বন্ধ রাখার খবর পাওয়া গেছে।

পুরোনো গ্রুপের নতুন তৎপরতা

খুলনার অপরাধজগতের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেনেড বাবু, নূর আজিম, আশিক, পলাশ, হুমা, টেংকি শাওন, আরমান, শাকিল ও নাসিমের নেতৃত্বাধীন গ্রুপগুলোর তৎপরতা রয়েছে। এর মধ্যে কয়েকটি গ্রুপের মধ্যে আগে মাদক বিক্রির এলাকা নির্ধারণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধে একাধিক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এখন নিজেদের অবস্থান ধরে রাখা এবং আয়ের নতুন উৎস তৈরির জন্য গ্রুপগুলোর একাংশ চাঁদাবাজির দিকে ঝুঁকেছে বলে অভিযোগ রয়েছে।

আশিক গ্রুপের প্রধান আশিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন আর মাদক ব্যবসায় জড়াব না। মাদকের মামলায় ছেলেরা জেলে গেলে জামিন করাতে অনেক বেগ পেতে হয়। এর চেয়ে এখন থেকে চাঁদা চাইব। ব্যবসায়ীদের ভয় দেখাব, মারধর করব। বাধ্য হয়ে টাকা দেবে। তা দিয়েই চলব।’

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের টাকা দিতে হয়, পুলিশকেও টাকা দিতে হয়। এরপরও মাদক মামলার ধারা কঠিন হওয়ায় চাঁদাবাজিকেই তুলনামূলক সহজ পথ মনে করছেন তাঁরা। ছোট ব্যবসায়ীদের বাদ দিয়ে বড় ব্যবসায়ীদের লক্ষ্য করার কথাও জানান তিনি।

একইভাবে নূর আজিমের নাম ব্যবহার করে নগরীর সদর ও সোনাডাঙ্গা এলাকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকাতেও কয়েকটি গ্রুপের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

প্রজন্ম থেকে প্রজন্মে অপরাধের বিস্তার

খুলনার অপরাধজগতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমানের আলোচিত সন্ত্রাসীদের অনেকেই পুরোনো অপরাধী পরিবারের সদস্য। টুটপাড়া এলাকা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। দক্ষিণ টুটপাড়া এলাকায় নব্বইয়ের দশকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন আসাদ পেশকার। পরবর্তী সময়ে তাঁর ছেলে আমিন মুহুরি এর হাল ধরেন। বর্তমানে ওই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডে আমিনের ছেলে ফারদিন খান ও ফয়সাল খানের নাম উঠে আসছে।

দক্ষিণ টুটপাড়ার আরেক পাশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন মো. শাহজাহান ওরফে শানু মোহরী। তাঁর চার ছেলে নূর আজিম, শাহরিয়ার ইসলাম রকি, জিকো খান ও রিংকু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

পশ্চিম টুটপাড়া এলাকায় একসময় আলোচিত ব্যক্তি ছিলেন ফরিদ মোল্লা। তাঁর নাতি সাকিবুর রহমান জিতু সদর থানা পুলিশের তালিকায় সাত নম্বর সন্ত্রাসী। অন্যদিকে নোয়াব আলী সার্ভেয়ারের নাতি জিসানও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নব্বইয়ের দশকে এসব অপরাধী পরিবারের কয়েকজন সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এস এম মোস্তফা রশিদী সুজার অনুসারী ছিলেন। পরবর্তী সময়ে তাঁদের উত্তরসূরিদের একটি অংশ খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের অনুসারী হয়ে ওঠেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শেষ ছয় বছরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল এককভাবে খুলনার অপরাধজগতের নিয়ন্ত্রণ করতেন। তাঁর নির্দেশনার বাইরে গিয়ে কেউ মাথাচাড়া দেওয়ার সুযোগ পেতেন না। ২০২৪ সালের আগস্টের পর সেই নিয়ন্ত্রণ ভেঙে গেলে বিভিন্ন গ্রুপ নিজেদের মতো করে এলাকা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে ওঠে। শুরু হয় সন্ত্রাসীদের নিজেদের মধ্যে সংঘর্ষ ও খুনোখুনি।

সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ

খুলনায় সাম্প্রতিক সময়ে আগ্নেয়াস্ত্রের ব্যবহারও বেড়েছে। গুলিবর্ষণ, প্রকাশ্যে হত্যাকাণ্ড ও সশস্ত্র হামলার ঘটনায় বিদেশি পিস্তল, রিভলবারের পাশাপাশি দেশীয় তৈরি অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে।

গোয়েন্দা সংস্থা ও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে। এসব অস্ত্রের একটি অংশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছায়। সাতক্ষীরার কলারোয়া, ভোমরা ও কালীগঞ্জ এবং যশোরের বেনাপোল, শার্শা ও পুটখালী সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

সংশ্লিষ্টদের দাবি, পাচারকারীরা মসলা, ফল ও ভেষজ সামগ্রীর চালানের আড়ালে ছোট আকারের বিদেশি পিস্তল ও রিভলবার দেশে প্রবেশ করায়। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় গোপনে পাইপগান ও ওয়ান শুটারসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির তথ্য পাওয়া যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০২৪ সালের ৯ আগস্ট পর্যন্ত খুলনায় পুলিশ প্রায় অকার্যকর অবস্থায় ছিল। আগস্টের পুরো সময় থানা পুলিশ বাইরে অভিযান চালায়নি। এ সুযোগে বিভিন্ন এলাকায় মাদক ছড়িয়ে পড়ে। মাদক ব্যবসার টাকায় অস্ত্র সংগ্রহ শুরু হয়। পলাতক ও কারাগারে থাকা অনেক সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যায়। পরে তাদের অনেকে গ্রেপ্তার হলেও আবার জামিনে বেরিয়ে আসে। অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

সামান্য টাকায় অপরাধে জড়ানো হচ্ছে তরুণদের

অল্প টাকার বিনিময়ে তরুণদের অপরাধে যুক্ত করার ঘটনাও সামনে এসেছে। গত ৪ মার্চ রাতে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের একটি বাটার দোকানের ভেতরে অসংখ্য মানুষের সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে। ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অশোক জানান, ৫০ হাজার টাকার চুক্তিতে তিনি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।

গত ১১ নভেম্বর নগরীর শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার সময় ফাহাদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ওই যুবক দুই হাজার টাকার বিনিময়ে আগুন দিতে এসেছিল বলে জানিয়েছে।

নগরীর সন্ধানী ক্লিনিক, নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও চায়নিজ প্যালেস রেস্তোরাঁয় ভাঙচুরের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, তাদের বাড়ি টুটপাড়া ও আশপাশের এলাকার বস্তিতে। অল্প কিছু টাকা ও মাদকের জন্য তারা এসব অপরাধে জড়াচ্ছে।

দ্রুত জামিনে মুক্তি নিয়ে পুলিশের উদ্বেগ

অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার পেছনে গ্রেপ্তারের দুর্বলতা ও দ্রুত জামিনে মুক্তির বিষয়টি বড় কারণ হিসেবে সামনে এসেছে। শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে প্রকাশ্যে হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তৈরি বি কোম্পানির নাম উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত আট মাসে ওই হত্যা মামলায় মাত্র চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের অনেকে এখনও গ্রেপ্তার হয়নি।

২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনার আদালত চত্বরে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার নামে দুই যুবককে। ওই হত্যাকাণ্ডে গ্রেনেড বাবুর তৈরি বি কোম্পানি এবং এর নেতৃত্বে থাকা মিরাজ হোসেন ওরফে কাউয়া মিরাজের নাম উঠে আসে। গত ৪ নভেম্বর কাউয়া মিরাজকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত দুই বছরে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বেশির ভাগ মামলার মূল আসামিরা গ্রেপ্তার হননি। আবার যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের অনেকে দ্রুত জামিনে মুক্তি পেয়েছেন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান বলেন, সন্ত্রাস দমনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দ্রুত জামিন। নূর আজিমসহ মহানগর পুলিশের তালিকাভুক্ত ৫৮ সন্ত্রাসী গত ছয় মাসে জামিন পেয়েছেন। সন্ত্রাসীরা জামিনে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়েই তরুণদের অপরাধে যুক্ত করে। জামিনের দায়িত্বও তারা নিয়ে নেয়। এটি নিয়ন্ত্রণ করা না গেলে সন্ত্রাস দমন কঠিন হয়ে পড়বে।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে এম শহিদুল আলম বলেন, অপরাধীদের কর্মকাণ্ড আদালতের সামনে তুলে ধরা হয়। কিন্তু আসামিরা নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিনের চেষ্টা করেন। এর মধ্যে কোনো না কোনো আদালত থেকে তাঁরা জামিন পেয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কেএমপির তালিকাভুক্ত ১২৮ জন সন্ত্রাসীর বিষয়ে খুলনা জিআরও অফিসে তথ্য নেওয়া হলে ৭৩ জনের ছয় মাস থেকে এক বছরের মধ্যে জামিন পাওয়ার তথ্য পাওয়া যায়। তাঁদের অনেকের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যার মতো একাধিক মামলা রয়েছে।

জেলা ও মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটরদের দাবি, পুলিশের এজাহার ও মামলার বিবরণ যথাযথভাবে তৈরি না হওয়ায় অনেক আসামি দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন। অপরাধীদের সুনির্দিষ্ট ভূমিকা ও অভিযোগ যথাযথভাবে উল্লেখ না থাকলে আইনি প্রক্রিয়ায় দুর্বলতা তৈরি হয়।

রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ

খুলনার অপরাধজগতে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও পুরোনো। আলোচিত সন্ত্রাসী নূর আজিমের উত্থান আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন এবং ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল আহসান টিটোর ছত্রচ্ছায়ায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কেসিসি নির্বাচনের আগে প্রভাবশালী ব্যবসায়ী আজমল আহমেদ তপনকে হারাতে নূর আজিমকে ব্যবহার করেন টিটো। নির্বাচনের পর নূর আজিম তাঁর নিয়ন্ত্রণে কাজ করতেন বলেও অভিযোগ রয়েছে।

শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু বি কোম্পানি নামে একটি পৃথক বাহিনী গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর আত্মীয়স্বজনের একটি অংশ বর্তমানে ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে রনি চৌধুরীর এক আত্মীয়সহ তিন বিএনপি নেতার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হলেও পুলিশ তাঁদের আটক করেনি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তবে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোনো সন্ত্রাসী গ্রুপ নেই বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রাখা হচ্ছে, যাতে অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যায়। তিনি জানান, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তাহীনতায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

চাঁদাবাজদের ধারাবাহিক হুমকির মুখে নগরীর টুটপাড়া এলাকার চয়নিক ফার্মেসির মালিক স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সহযোগিতা চেয়েও আশ্বাস পাননি বলে অভিযোগ করেছেন। পরে হতাশ হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।

রেস্তোরাঁ ব্যবসায়ী মাসুদ হোসেন বলেন, ঘটনার পর পুলিশ দেরিতে আসে। হামলাকারীরা ভাঙচুর করে চলে যাওয়ার পর পুলিশ এসে তাঁকে সাবধানে চলাফেরা করতে এবং একা বাইরে না যেতে পরামর্শ দেয়।

জাহিদ ইলেকট্রনিকসের মালিক জাহিদ হোসেন বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে আপাতত প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। চয়নিক ফার্মেসির ম্যানেজার বাবু বলেন, পুলিশ যথাযথ সহযোগিতা করতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন তাঁরা।

কারফিউ ও যৌথ অভিযান চাইলেন সিটি প্রশাসক

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরী বর্তমানে সংকটকাল অতিক্রম করছে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ীদের ওপর চড়াও হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্যবসাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার, এমনকি ব্যাংকের বুথেও হামলা হচ্ছে। এতে নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।

তাঁর দাবি, নগরীর ১৪ লাখ মানুষ পাঁচ থেকে সাতটি সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছেন। টাকা না পেলে বোমা হামলা চালানো হচ্ছে। নিরালায় বোমা হামলার ঘটনা ঘটেছে। দুটি এনজিওর প্রতিনিধিরা তাঁর কাছে এসে কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ জানিয়েছেন। ব্র্যাকের কর্মকর্তারাও চাঁদাবাজির হুমকির কথা জানিয়েছেন। বিভিন্ন নির্বাহী প্রকৌশলী ও দপ্তরের কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এসব বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনী মোতায়েন করতে হবে। সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। ছোটখাটো সন্ত্রাসীদের পেছনে না ছুটে বড় সন্ত্রাসীদের ধরতে হবে। প্রয়োজনে কারফিউ জারি করে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে খুলনার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

সংসদে উদ্বেগ, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

গত মঙ্গলবার জাতীয় সংসদে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেন, ‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের হাত থেকে খুলনাবাসী বাঁচতে চায়।’

তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে মানুষ স্বস্তি পাবে কীভাবে—এ প্রশ্নও তোলেন তিনি।

গত ৮ নভেম্বর খুলনা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, যত বড় সন্ত্রাসী বা নেতা হোক না কেন কিংবা যার ছত্রচ্ছায়ায়ই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমরা মাঠে নামব।’

তিনি বলেন, সরকারি দল বা বিরোধী দল বিবেচনা না করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক সময়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। একই দিন বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব কর্মসূচি থেকে সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমন্বিত পদক্ষেপের তাগিদ নাগরিক সমাজের

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, পুলিশ মাঠপর্যায়ে কিছু অপরাধীকে গ্রেপ্তার করলেও নেপথ্যের মূল হোতা ও আশ্রয়দাতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। পাশাপাশি ভুক্তভোগীদের মামলা না করার প্রবণতা আইনি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি কুদরত-ই খুদা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হতে রাজনৈতিক, সামাজিক, পুলিশি ও বিচারিক—সব ধরনের পদক্ষেপ প্রয়োজন। রাজনীতিবিদদের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করে কার্যকর ভূমিকা নিতে হবে। সামাজিক নেতাদের জনমত তৈরি করতে হবে, পুলিশকে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং বিচারিক আদালতকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

খুলনা চেম্বার অব কমার্সে নির্বাচিত নেতৃত্ব না থাকায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, ব্যবসায়ীদের দোকান খোলা রাখতে আশ্বস্ত করা হচ্ছে। যেকোনো সমস্যায় পুলিশ ও প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশকে আরও তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, গত ১০ মাসে ৩৮টি হত্যা মামলার মধ্যে ৩৪টির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৩ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময় পুলিশকে তথ্য দেন না, এমনকি মামলাও করেন না। মামলা না হলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি, সেখানে পুলিশের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। তবে মানুষের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠন করা প্রয়োজন। এই ইউনিট সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেবে এবং যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।

অন্যদিকে সন্ত্রাসীদের তৎপরতা পর্যবেক্ষণ করেন—এমন এক নাগরিক নেতা বলেন, সন্ত্রাসীরা দীর্ঘ সময় কারাগারে থাকলে তাদের অপরাধী নেটওয়ার্ক ভেঙে যায়। এ কারণে গ্রেপ্তারের পর গুরুতর অপরাধে অভিযুক্তদের জামিনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা এবং প্রয়োজনে আইন সংশোধনের কথাও বলেন তিনি।

নিয়ন্ত্রণ ফিরবে কবে?

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, সন্ত্রাসীদের তৎপরতার চেয়ে অনেক ক্ষেত্রে গুজব ও আতঙ্ক ছড়াচ্ছে বেশি। সন্ত্রাসীদের নাম ব্যবহার করে ভুয়া নম্বর থেকে চাঁদা দাবি করা হচ্ছে। পুলিশ বেশ কিছু প্রতারককে গ্রেপ্তার করেছে। অনেক ভুক্তভোগী বিষয়টি গোপন রাখেন। তাই যেকোনো হুমকি বা চাঁদা দাবির ঘটনা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

তবে একের পর এক হত্যাকাণ্ড, অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরবাসীর উদ্বেগ কাটছে না। অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, দ্রুত জামিনে মুক্তি, অবৈধ অস্ত্রের প্রবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সঙ্গে অপরাধীদের যোগসাজশের অভিযোগও সামনে আসছে।

সব মিলিয়ে খুলনার পরিস্থিতি এখন কেবল আইনশৃঙ্খলার সংকট নয়, এটি নগরবাসীর নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীর একটাই প্রশ্ন—খুলনার অপরাধজগতের নিয়ন্ত্রণ ফিরবে কবে, আর সাধারণ মানুষই বা কবে নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন?

মো:মোজাহিদুর রহমান

এম/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!