খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নির্মিত ‘সবার আগে বাংলাদেশ’ লেখা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে তোরণের একাংশে আগুন ধরে গেলেও পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে আসে। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে নির্মিত তোরণটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরিত হলে তোরণের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। এ সময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করলেও তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে ঘটনার পর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। খুলনায় বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে এবং মানুষ শান্তিতে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে খুলনার মাটিতে কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে নাশকতা চালানোর জন্য অর্থের প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করা হচ্ছে। আগুন দিতে পারলে সাত হাজার টাকা এবং বোমা নিক্ষেপ করতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। সরকারি অফিস-আদালত ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন তুহিন।
বিএনপির এই নেতা আরও বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে নতুন করে ধারণা দিয়েছে। জনগণ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি। সরকারি বাহিনী বিভিন্ন ঘটনায় সংযম দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান অব্যাহত থাকবে।
তবে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, হামলার ঘটনাস্থল শিববাড়ি মোড়ে পুলিশের ক্যাম্প রয়েছে। এর আগেও একই মোড়ে জুলাই সনদসংক্রান্ত একটি স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
