নম্বরপত্রে ঘষামাজা করে অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার দায়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের দুই সাবেক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তৃতীয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। রায়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেন নামের আরেক আসামি খালাস পেয়েছেন।
রায়ের সময় আদালতে উপস্থিত থাকায় গোলাম কিবরীয়াকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুদকের বক্তব্য:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন ২০ জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে দুই কর্মকর্তাকে পৃথক ধারায় সাজা দেওয়া হয়েছে।
যেভাবে ঘটেছিল জালিয়াতি:
মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই পদে আবেদন করেন ১০৯ জন, যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষার সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর উত্তীর্ণ হন চারজন।
অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি নম্বরপত্র নিয়োগ কমিটিকে না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর বদলানোর অভিযোগও ওঠে।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল পেয়েছিলেন ৪৬, কিন্তু তা কেটে করা হয় ৪০। অন্যদিকে নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে করা হয় ৩৭ দশমিক ৫। ফলে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে তিনি এগিয়ে যান। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।
