সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে অক্সিজেন সংকটে বাঁশখালীর ১৫ বছরের কিশোরের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৪:০৬ পিএম

সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে অক্সিজেন সংকটে বাঁশখালীর ১৫ বছরের কিশোরের মৃত্যু

সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে অক্সিজেন সংকটে ১৫ বছরের কিশোরের মৃত্যু। ছবি : দৈনিক মুক্তবাণী

 চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেন সংকটে প্রাণ হারিয়েছে নামজুল হোসেন (১৫) নামে এক কিশোর। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় উদ্ধারকাজে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ি এলাকায় ডা. নাছির নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নামজুল হোসেন বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকার আলম মাঝির পাড়ার বাসিন্দা মো. ওসমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ করতে ভবনের পানির ট্যাংকের ভেতরে প্রবেশ করে নামজুল। কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন ট্যাংকের ভেতরে মাথা প্রবেশ করালে তারাও অসুস্থ হয়ে পড়েন।

দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১১টার দিকে ড্রিল মেশিন দিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে নামজুলকে উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা। পরে চারজনকে বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর সিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নামজুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উদ্ধারকাজে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘটনার পর উদ্ধারকাজে সংশ্লিষ্টদের পক্ষ থেকে যথাযথ তৎপরতা দেখা যায়নি। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, উদ্ধারকাজে অবহেলার অভিযোগ খতিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জেএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!