মো. হাবীব আজম, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকা বরকল উপজেলার ১নং শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে এই ব্যাটারি দেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাঙ্গামাটি সদর জোনের আওতাধীন শুভলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোলার ব্যাটারি হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে শিক্ষার্থীদের পাঠদানে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। বিশেষ করে গরমের সময় এবং মেঘলা বা অন্ধকারাচ্ছন্ন দিনে শ্রেণিকক্ষে পাঠদান করা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল।
সোলার ব্যাটারি চালু হওয়ায় বিদ্যালয়ে আলো ও ফ্যানের ব্যবস্থা নিশ্চিত হবে। এর ফলে শিক্ষার্থীরা এখন আরও অনুকূল ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়া করতে পারবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি হস্তান্তরকালে ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন শুভলং ক্যাম্পের আওতাধীন এলাকার সব সম্প্রদায়ের মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় রাঙ্গামাটি সদর জোন নিয়মিত কাজ করে যাচ্ছে।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুর্গম এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়নে এমন উদ্যোগ নেওয়ায় জোন কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
