বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৬:৪৫ পিএম

কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে পরিচালিত মাদরাসাগুলোর কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি প্রতি পত্রে ১০০ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

জারিকৃত আদেশে জানানো হয়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কামিল পরীক্ষার ফরম পূরণ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত অফিস আদেশের অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন ফি শিক্ষার্থীদের সাধ্যের বাইরে উল্লেখ করে তা কমানোর দাবি জানায়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমানোর আশ্বাস দিয়ে বলেন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক। এরই প্রেক্ষিত এ অফিস আদেশ জারি করা হয়।

দৈনিক মুক্তবাণী

Link copied!