বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কথায় কথায় মারধর, অভিনেত্রীকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:২৬ পিএম

কথায় কথায় মারধর, অভিনেত্রীকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ

কথায় কথায় চড়-থাপ্পড়, সিগারেটের ছ্যাঁকা দিতেন অভিনেত্রী নীতি টেলরের প্রেমিক। সাবেক প্রেমিক সম্পর্কে এমন সাংঘাতিক অভিযোগ করেছেন ভারতের হিন্দি টেলিভিশন শোতে অংশ নেওয়া অভিনেত্রী।

অভিনেত্রী জানিয়েছেন, তার সাবেক প্রেমিক প্রায়ই তার পোশাক নিয়ে প্রশ্ন তুলতেন। তার বন্ধুবান্ধব বা তিনি কোথায় যাচ্ছেন, সেই দিকে নজরদারি করতেন। সেই সময়ে বয়স কম থাকায় প্রেমিকের প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার এবং নিজের কাজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন নীতি।

এক সাক্ষাৎকারে নির্যাতনের একটি উদাহরণ দিয়েছেন নীতি। তিনি জানান, একবার সাবেক প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ তার ভালো লাগছিল না। তাই বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেরিয়ে আসার আগে প্রেমিককে বিদায় জানাতে গিয়েছিলেন তিনি। নীতি বলেন, ‘আমার বন্ধুরা জানিয়েছিল, তারা গাড়িতে অপেক্ষা করছে। আমি যাওয়ার আগে ওকে বলতে যাই।’

অভিনেত্রীর অভিযোগ, বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি তো দেয়নি তার সাবেক প্রেমিক, এমনকি বন্ধুরা তাকে বাড়ি পৌঁছে দেবেন বলার পরেও তিনি রাজি হননি। পরিস্থিতি আরও খারাপ হয় বাড়ির বাইরে। নীতির দাবি, সেখানে তার হাত ধরে টানাটানি করেন সাবেক প্রেমিক। তাকে ধাক্কা দেন এবং চড় মারেন।

অভিনেত্রীর দাবি, সেখানকার সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি ধরা পড়েছিল। বন্ধুরা তাকে সাহায্য করতে উপরে চলে এলে তার সাবেক প্রেমিক তাকে ধাক্কা দিতে থাকেন, কখনও হাত ধরে টানতে থাকেন। বন্ধুরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। নীতি আরও জানান, সেখানকার নিরাপত্তারক্ষী তার বন্ধুদের বলেছিলেন, এ ধরনের ঘটনা আগেও নিয়মিত ঘটেছে।

তবে পার্টি ছেড়ে চলে আসার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানান অভিনেত্রী। নিজের বাসায় ফেরার পরেও সাবেক প্রেমিক চিৎকার করতে থাকেন। কেন বন্ধুদের সঙ্গে চলে এসেছেন তিনি, তা নিয়েই আপত্তি জানাচ্ছিলেন।

নীতির কথায়, সেই সময় প্রেমিকের হাতে সিগারেট ছিল। এর পরেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিনেত্রীর অভিযোগ, সাবেক প্রেমিক তার শরীরে সিগারেটের ছ্যাঁকা দেন। সেই ক্ষত থেকে তৈরি হওয়া দাগ এখনও রয়ে গিয়েছে বলে জানিয়েছেন নীতি।

এম/আর

Link copied!