বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর চাঁদনীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৪২ পিএম

সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর চাঁদনীর প্রতিক্রিয়া

১৯৮৯ সালের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’তে বলিউড অভিনেতা সালমান খানের অভিনয় দেখে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী তার ভক্ত হয়ে উঠেন। সেই শৈশব থেকেই ভাইজানের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন তিনি। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রিয় সেই নায়কের সঙ্গে দুটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সেই পোস্টে চাঁদনী লিখেছেন— আমার সাল্লুর সঙ্গে। যারা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন— ‘চাপা’, এই ছবি তাদের জন্য।

চাঁদনী আরও বলেন, ‘৯৭–৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল সালমান খানের। সেই সময় এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমি টিকিট কাটি। কিন্তু পরে শুনি— কোনো একটি কারণে অনুষ্ঠানটি হবে না। সেই সময় খুব মন খারাপ হয়েছিল।’

চাঁদনী এরপর সুযোগ খুঁজতে থাকেন কীভাবে সালমান খানের সঙ্গে দেখা করা যায়। কিছু দিন পর জানতে পারেন, তার পছন্দের নায়ক বাংলাদেশে এসেছেন। তিনি রয়েছেন শেরাটন হোটেলে (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা)। পরে চলে যান শেরাটনে সালমান খানের সঙ্গে দেখা করতে। শুরুতে সুযোগ না মিললেও পরে সুযোগ পান তার রুমে প্রবেশ করার। 

চাঁদনী বলেন, ‘নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই।’

অভিনেত্রী চাঁদনী সেই সময়ে স্কুলে পড়তেন। তার নাম ও পরিচয় দিয়ে সালমান খানকে বলেছিলেন— ছবি উঠাবে। সেই সময়ের স্মৃতি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি সেদিন সালমান খানের হাত ধরে ছিলাম। যত সময় ছিলাম, পুরো সময়েই হাত ধরে ছিলাম। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন। পরে অটোগ্রাফে লিখলেন— ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’

তিনি বলেন, ‘এ লেখা আর তার জিজ্ঞাসা করার সময়টা এখনো আমার চোখের সামনে ভাসে। তিনি একটু লাজুক টাইপের ছিলেন। নাম জিজ্ঞাসা করার সময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনি এখনো আমার মনে ধরে আছে।’

চাঁদনী বলেন, ‘আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাকে ধরে ছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। তিনি বলেন, এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়। আমি তাকে এতটাই পছন্দ করতাম যে, আমার বাসায়— আমার রুমের অনেক স্থানে তার ছবি টাঙিয়ে রাখতাম। শৈশবকালে কত কিছু করেছি।’

এম/আর

Link copied!