পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের ২৭ জন কূটনীতিককে বহিষ্কার করার কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরাইলি কর্তৃপক্ষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি আরও তীব্র আকার ধারণ করেছে।
এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের ওপর জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ এনে লন্ডন এই পদক্ষেপ নিয়েছিল।
অধিকৃত অঞ্চলে নতুন করে ১ হাজার ২০০টি ঘর নির্মাণের ইসরাইলি পরিকল্পনার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপের পাল্টা জবাব হিসেবেই ইসরাইল পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ব্রিটিশ কনস্যুলেটটি বন্ধের ঘোষণা দেয়।
