মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সৌদির তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৫:২৭ পিএম

সৌদির তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে হামলা

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন এবং রিয়াদ বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। সোমবার (২৬ অক্টোবর) গোষ্ঠীটি এই দাবি করেছে। খবর রয়টার্সের।
তবে হুতিদের সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

হুতিরা আরও দাবি করেছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুর দিকে গোষ্ঠীটির হামলায় ১৩ জন নিহত হওয়ার পর রোববার বিমানবন্দরটির দুটি টার্মিনালে কার্যক্রম আবার শুরু হয়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে ওই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।

সৌদির বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা। এতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব ক্রমেই গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্রে পরিণত হচ্ছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করেছে। এর মধ্যে একটি কেন্দ্র থেকে রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, মক্কা চুক্তির আওতাভুক্ত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনা করাই এ বৈঠকের উদ্দেশ্য বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন।
ইরানপন্থি হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আক্রান্ত হওয়ার পর তিন দেশের এই জোটের সব সদস্যের সঙ্গে ইরানের এটিই হবে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।

দৈনিক মুক্তবাণী

Link copied!