বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে যুক্ত হচ্ছে থার্মাল ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:৫৬ এএম

সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে যুক্ত হচ্ছে থার্মাল ড্রোন

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দিনাজপুর সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি থার্মাল ড্রোন ও সার্চলাইটসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাচল করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানান। স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!