জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে বাড়ছে টানাপোড়েন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিদায়ের সময় ঘনিয়ে এলেও তার উত্তরসূরি নিয়ে এখনো একমত হতে পারেনি প্রভাবশালী দেশগুলো।
আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও কারও পক্ষেই নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হবে।
এর আগেই নতুন মহাসচিব নির্বাচন করার কথা। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো প্রভাবশালী দেশগুলোর ভিন্ন অবস্থানের কারণে নির্বাচনপ্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।
এবারের প্রতিদ্বন্দ্বিতায় আটজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই নারী। বেশির ভাগ প্রার্থীই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের।
জাতিসংঘের প্রচলিত নিয়ম অনুযায়ী, এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার কথা। পাশাপাশি, সংস্থাটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে এ পদে দেখতে চান অনেকে।
এদিকে, প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। গত ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে তিনি ১২টি সমর্থনমূলক ও তিনটি বিরোধিতামূলক ভোট পেয়েছেন।
তবে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া তার প্রার্থিতায় ভেটো দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ৯টি সমর্থনমূলক ও চারটি বিরোধিতামূলক ভোট।
তবে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় চীন ও রাশিয়ার সমর্থন পাওয়া তার জন্য কঠিন হতে পারে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ ও তুরস্কের ফেরিদুন সিনিরলিওগলুকে প্রার্থী হিসেবে যুক্ত করায় প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল হয়েছে। নুসেইবেহের প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন রয়েছে বলে জানা গেছে।
তবে, সুদানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আমিরাতের অস্ত্র সরবরাহের অভিযোগ তার প্রার্থিতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমিরাত অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু একজন মহাসচিব বেছে নেওয়ার বিষয় নয়, বরং জাতিসংঘে প্রভাব বিস্তারের লড়াইও।
কারণ, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের প্রত্যেকেরই ভেটো ক্ষমতা রয়েছে। ফলে, কোনো প্রার্থীকে এগিয়ে যেতে হলে এসব দেশের বিরোধিতা এড়াতে হবে।
এর মধ্যে জাতিসংঘ নিজেও নানা সংকটে রয়েছে। ইরান ও ইউক্রেনের সংঘাতে সংস্থাটির ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংস্থাটির কঠোর সমালোচনা করেছেন। পাশাপাশি, আর্থিক সংকটের কারণে হাজার হাজার কর্মী ছাঁটাই করতে হয়েছে জাতিসংঘকে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে বছরের শুরুতে নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে জাতিসংঘ। এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, এমন পরিস্থিতিতে কে অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে জাতিসংঘ সনদে স্পষ্ট কোনো নির্দেশনা নেই।
সূত্র: আল জাজিরা
