ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, গাজায় যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও নয়াদিল্লির উচিত ইসরায়েলের সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রাখা।
ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোতে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এ মন্তব্য করেন। সেখানে তিনি বৈশ্বিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, “ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।”
তিনি যুক্তি দেন, ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার পেছনে ভারতের কৌশলগত কারণ রয়েছে। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য যে অস্ত্র সবচেয়ে উপযোগী, তা কেনার স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত। অন্য কোনো দেশের অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয়।
রাহুল গান্ধী গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত সমালোচনা করেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলারও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “কিন্তু আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে; অন্যদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে নয়।”
তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে থাকা রাহুল গান্ধী পরে আলোচনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন। সেখানে তিনি আবারও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।
রাহুল গান্ধীর এই মন্তব্যের দিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তির ঘোষণা দেয়। ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থার আধুনিকায়নের জন্য এ চুক্তি করা হয়েছে।
১৮ নভেম্বর স্বাক্ষরিত চুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়ন এবং মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ ঝা বলেন, “ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে-এগুলো বাস্তবতা। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর বলা উচিত ছিল ঠিক এ কথাটিই।”
রাহুল গান্ধীর বক্তব্যের সময়টিও গুরুত্বপূর্ণ। কারণ, এটি দেখিয়ে দিচ্ছে যে ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা কতটা গভীরভাবে প্রতিষ্ঠিত।
চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই প্রযুক্তি কিনবে।
কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যও ইসরায়েলের কাছ থেকে ফোনের তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনায় উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।
প্রতিশোধের আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে (এমইই) বলেন, রাহুল গান্ধী “নিজের বক্তব্যের সঙ্গেই নিজে সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন”।
তিনি বলেন, “একদিকে তিনি বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ভারতের জন্য যা ভালো, তার ভিত্তিতে। অন্যদিকে তিনি ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন। অথচ গত তিন বছরে ইসরায়েলের কর্মকাণ্ড পুরোপুরি প্রকাশিত হয়ে গেছে।
“বাস্তবতা হলো, ভারতের সঙ্গে আরও ভালো সম্পর্ক ইসরায়েলের প্রয়োজন, ভারতের নয়।”
এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝা মিডল ইস্ট আইকে বলেন, ৭ অক্টোবরের হামলার সঙ্গে গণহত্যার তুলনা করে রাহুল গান্ধী যে সমতুল্যতা টেনেছেন, তা “ঘৃণ্য”।
অপূর্বানন্দ বলেন, “ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে-এগুলো বাস্তবতা। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর বলা উচিত ছিল ঠিক এ কথাটিই।”
ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হচ্ছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে ভারত।
২০২৬ সালের শুরুর দিকে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর কিছুদিন আগে তিনি এ সফর করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি ভারতকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ইসরায়েলের প্রতি সমর্থন অত্যন্ত শক্তিশালী।
দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল যখন ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে পড়ছে এবং তার ভাষায়, ইসরায়েলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন ভারত থেকে ইসরায়েলের প্রতি “অবিশ্বাস্য রকমের সমর্থন” পাওয়া যাচ্ছে। তার ভাষায়, এই সমর্থন “সত্যিই অবিশ্বাস্য”।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন উপাদান পাঠানো হয়েছে।
এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যানের বিভিন্ন যন্ত্রাংশ।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের ক্রমবর্ধমান প্রমাণ থাকা সত্ত্বেও ভারত সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে। এর ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় সহযোগী হিসেবে ভারতও আইনি দায়ের মুখে পড়তে পারে।
ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে মোদি সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন কংগ্রেসের কয়েকজন নেতা। তবে দলটি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। একইভাবে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় ভারতের যোগ দেওয়ার দাবিও তোলেনি।
১৯৯২ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
তবে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার ভিত্তি তৈরি হয়েছিল রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময়। ১৯৮০-এর দশকে তিনি ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন।
১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রাজীব গান্ধী ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটি ছিল দুই দেশের নেতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য যোগাযোগ।
অন্যদিকে, রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
