রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের যুদ্ধে মুখোমুখি চাচাতো ভাই, বিভক্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৪:১৩ পিএম

ইয়েমেনের যুদ্ধে মুখোমুখি চাচাতো ভাই, বিভক্ত পরিবার

তাইজ প্রদেশের আল-মিদান পাহাড়ের আশপাশের সম্মুখযুদ্ধে ইয়েমেন সরকারের অনুগত এক যোদ্ধা। এএফপি ফাইল ছবি

৪৫ বছর বয়সী মুখতারের জন্য নিজের জন্ম ও বেড়ে ওঠার গ্রাম ছেড়ে পালানো সহজ ছিল না। গ্রামটি তাইজ শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। কিন্তু ২০১৯ সালে তিনি গ্রাম ছাড়তে বাধ্য হন। তার বিশ্বাস ছিল, ইয়েমেনে হুথিরা (আনসার আল্লাহ নামেও পরিচিত) একটি মহৎ উদ্দেশ্য নিয়ে লড়াই করছে। তাই তাদের সমর্থনে তারও এগিয়ে আসা প্রয়োজন।

মুখতার এমন একটি এলাকায় বসবাস করতেন, যা সৌদি আরব-সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে ছিল। সেখানে আর বেশিদিন থাকা তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। তার অনেক আত্মীয়, এমনকি নিজের ভাই ও চাচাতো ভাইয়েরাও সরকারপন্থী বাহিনীর সমর্থক ছিলেন। অন্য অনেকের মতো তাকেও আটক করা হতে পারে-এমন আশঙ্কা ছিল তার।

মুখতার মিডল ইস্ট আইকে বলেন, “আনসার আল্লাহর অনেক সমর্থককে আটক করা হয়েছিল। অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন। শুধু যোদ্ধারাই নন, তাদের সমর্থক বেসামরিক মানুষ ও স্থানীয় শেখরাও পালিয়েছেন। তাই নিজের গ্রাম ছেড়ে আনসার আল্লাহর নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।”

নিজের গ্রামে মুখতার কৃষিকাজ করতেন। পাশাপাশি খণ্ডকালীন জমির দালালি করতেন। কিন্তু গ্রাম ছেড়ে পালানোর পর জীবিকার সেই পথও বন্ধ হয়ে যায়। হুথি-নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছে তিনি সংগঠনটিতে যোগ দেন। তার বিশ্বাস ছিল, অর্থের জন্য নয়, বরং ইসলাম রক্ষার আকাঙ্ক্ষা থেকেই তারা লড়াই করছে।

মুখতার আরও বলেন, “আনসার আল্লাহর প্রকল্প পরকালের জন্য। তারা পবিত্র কোরআনে যা বলা হয়েছে, তা বাস্তবায়ন করে। বিদেশি রাষ্ট্রের নির্দেশ অনুসরণ করে না। তাদের লক্ষ্য পরকাল। তারা ভাড়াটে যোদ্ধাদের কোনো প্রকল্প বাস্তবায়ন করছে না।”

গত ৩ সেপ্টেম্বর হুথি বাহিনী দক্ষিণ হোদেইদাহ এবং তাইজের পশ্চিমাঞ্চলে সরকারি সেনাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে তারা দুটি প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

এরপর ৪ অক্টোবর তারা আরেকটি বড় হামলা চালায়। এই অভিযানে তাইজের হুথি-নিয়ন্ত্রণের বাইরে থাকা বাকি এলাকাগুলোও তাদের দখলে চলে যায়। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে তখন শুধু তাইজ শহর এবং জাবাল সাবিরের কিছু অংশ অবশিষ্ট থাকে।

মুখতার আনন্দের সঙ্গে এসব যুদ্ধে অংশ নেন। তার কাছে এটি ছিল সাত বছরের বাস্তুচ্যুত জীবন শেষে নিজের গ্রামে ফিরে যাওয়ার সুযোগ।

তিনি বলেন, “শেষ পর্যন্ত আল্লাহই আমাদের বিজয় দিয়েছেন। কারণ, আমাদের উদ্দেশ্য ন্যায়সংগত। আর যে আল্লাহর পক্ষে থাকে, তিনি তাকে কখনো পরিত্যাগ করেন না।”

মুখতার এখন নিজের গ্রামে ফিরে গেছেন। কিন্তু হুথি বাহিনীর সঙ্গে গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার চাচাতো ভাই মোহাম্মদ পালিয়ে যান। মোহাম্মদ সরকারি বাহিনীর একজন যোদ্ধা। তার আশঙ্কা ছিল, গ্রামে থেকে গেলে মুখতার তাকে শান্তিতে থাকতে দেবেন না।

তবে মুখতার জোর দিয়ে বলছেন, তিনি তার চাচাতো ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। তিনি উল্লেখ করেন, যারা অস্ত্র সমর্পণ করে ঘরে ফিরে আসবে, তাদের জন্য হুথি নেতৃত্ব সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের যুদ্ধ চলছে। তবে গত দুই মাসে হুথি বাহিনী ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন থেকে এখন তাদের অবস্থান মাত্র ৬০ কিলোমিটার দূরে।

সরকারি বাহিনীর কিছু যোদ্ধা যুদ্ধ ছেড়ে বেসামরিক জীবনে ফিরে গেছেন। কিন্তু মোহাম্মদের মতো অনেকে এখনো লাহিজ প্রদেশে সরকারি বাহিনীর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।


‘ভিন্ন বিশ্বাসকে আমাদের মেনে নিতে হবে’
৩৭ বছর বয়সী মোহাম্মদ টেলিফোনে মিডল ইস্ট আইকে বলেন, তিনি হুথিদের বিরোধী। তার বিশ্বাস, হুথিরা তাদের এলাকার মানুষের ধর্মীয় ‘মতাদর্শ’ পরিবর্তন করতে এসেছে। তিনি নিজের চাচাতো ভাইয়ের মতো স্থানীয় যোদ্ধাদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন।

মোহাম্মদ বলেন, “এটা সত্য যে হুথি মিলিশিয়ারা মাত্র কয়েক দিনের মধ্যে বিস্তীর্ণ এলাকা দখল করেছে। কিন্তু সেটা সম্ভব হয়েছে শুধু তাদের সহযোগিতা করা বিশ্বাসঘাতকদের কারণে।”

তিনি আরও বলেন, “আমরা এখনো লড়াই করছি। কয়েক দিনের মধ্যে যা হারিয়েছি, কয়েক দিনের মধ্যেই তা পুনরুদ্ধার করব। আর সব বিশ্বাসঘাতককে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।”

হুথিরা কোনো এলাকায় প্রবেশ করলেই শুধু যোদ্ধারা নন, তাদের বিরোধী অনেক সাধারণ মানুষও সরকার-নিয়ন্ত্রিত এলাকার দিকে পালিয়ে যান। তাদের আশঙ্কা, হুথিদের নিয়ন্ত্রণে থেকে গেলে গ্রেপ্তার হতে পারেন।

নিজের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ বলেন, “সে আর আমার চাচাতো ভাই নয়। কারণ, সে নিজের পরিবারের বিরুদ্ধে মিলিশিয়াদের পক্ষ নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা নিজেদের বাড়িতে ছিলাম। কাউকে নির্বাসিত করিনি। যারা হুথিদের সমর্থন করেছে, তারা নিজেরাই তাদের সঙ্গে লড়াই করতে পালিয়ে গেছে। আমরা তাদের তাড়িয়ে দিইনি।”

মোহাম্মদের ভাষায়, “হুথিরা না থাকলে আমরা এখনো একই গ্রামে একসঙ্গে শান্তিতে বসবাস করতাম। হুথিরাই আমাদের গ্রামে যুদ্ধ ও ঘৃণা নিয়ে এসেছে।”

মুখতার ও মোহাম্মদ-দুজনেরই চাচা ৬৪ বছর বয়সী আবদুল রহমান। তার মতে, এই যুদ্ধ সমাজের সবচেয়ে খারাপ দিকগুলো সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, “এই যুদ্ধের সবচেয়ে কুৎসিত দিকগুলোর একটি হলো-ভাইয়ের বিরুদ্ধে ভাই, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে চাচাতো ভাইয়ের লড়াই।”

আবদুল রহমান মিডল ইস্ট আইকে বলেন, “নিজের দুই ভাতিজাকে পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা সহজ নয়। গ্রামের অন্য ছেলেদেরও একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা কষ্টের। আমাদের এমন জীবনযাপন করার কথা ছিল না। আমরা একই সমাজের মানুষ। আমাদের একে অপরকে মেনে নিতে হবে, বিশ্বাসে ভিন্নতা থাকলেও। যুদ্ধ শুধু ভয়াবহ পরিণতি ডেকে আনে।”

তিনি জানান, ৪ অক্টোবর হুথিরা গ্রামটি দখলে নেওয়ার পর থেকে স্থানীয় তরুণদের মধ্যে অনেক নতুন মুখ দেখা যাচ্ছে। তারা এসেছে হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে। অন্যদিকে, গ্রামের পরিচিত অনেক মানুষ পালিয়ে গেছেন। এই পরিবর্তন তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে।

আবদুল রহমান বলেন, “মানুষের জন্য নিজের বাড়িঘর ছেড়ে চলে যাওয়া সহজ নয়। আবার আত্মীয়স্বজনকে অনুপস্থিত দেখাও আমাদের জন্য কষ্টের। রাজনৈতিক পরিচয়ের কারণে তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারছেন না।”

এই দুই যোদ্ধা আসলে পরস্পরের শত্রুতে পরিণত হওয়া চাচাতো ভাইদের একটি উদাহরণ মাত্র।

এমনকি সরকারি প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও এমন নজির রয়েছে। তাদের কারও কারও ভাই বছরের পর বছর ধরে হুথিদের সঙ্গে কাজ করছেন। এতে বোঝা যায়, একই পরিবারের ইয়েমেনিরাও আনুগত্যের প্রশ্নে কতটা বিভক্ত হয়ে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘শত্রু ভাইদের’ মধ্যে রয়েছেন ইয়েমেন সরকারের সেনাপ্রধান সাগির বিন আজিজ। তার ভাই হামুদ বিন আজিজ একজন হুথি নেতা।

আরেকটি উদাহরণ নাজিব ঘাল্লাব। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব তিনি। তার ভাই আবদেল ফাত্তাহ ঘাল্লাবও একজন হুথি নেতা।


ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে যুদ্ধ
ইয়েমেনের যুদ্ধ নিয়ে প্রতিবেদন করা সাংবাদিক ওদায় আল-দুখাইনি বলেন, এই যুদ্ধ শুধু চাচাতো ভাইদের বিভক্ত করেনি; ভাইয়ে ভাইয়ে এবং পুরো পরিবারগুলোর মধ্যেও ভাঙন ধরিয়েছে।

দুখাইনি মিডল ইস্ট আইকে বলেন, “এখন আমরা দেখছি, একই পরিবারের সদস্যরা যুদ্ধের বিপরীত দুই পক্ষের সম্মুখসারিতে দাঁড়িয়ে আছেন। কখনো কখনো তারা নিজের আত্মীয়স্বজনের বিরুদ্ধেই অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।”

তিনি বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক। কারণ, যুদ্ধ রাজনৈতিক অঙ্গন থেকে সরাসরি মানুষের ঘরে ঢুকে পড়েছে। বহু বছরের ভালোবাসা ও আত্মীয়তার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কগুলো ধ্বংস করছে।”

দুখাইনি মনে করেন, মানুষ বিভিন্ন কারণে যুদ্ধে যোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য, কঠিন জীবনযাপন, আর্থিক প্রয়োজন, বিভিন্ন পক্ষের সংগঠিত প্রচার এবং উসকানি। কখনো কখনো কোনো ব্যক্তির সুস্পষ্ট রাজনৈতিক অবস্থানও থাকে না। কিন্তু নিজের পরিস্থিতি কিংবা পারিপার্শ্বিকতার কারণে তিনি কোনো একটি পক্ষের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

তিনি আরও বলেন, “সমাধানের পথ শুরু হতে পারে পরিবারের বিচক্ষণ ও প্রবীণ সদস্যদের উদ্যোগের মাধ্যমে। তাদের উচিত বিরোধ নিয়ন্ত্রণে আনা এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে আলোচনার পথ খুলে দেওয়া।”

দুখাইনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাইকে বুঝতে হবে—মতপার্থক্য যত গভীরই হোক, তা কখনোই রক্তের সম্পর্ককে শত্রুতায় পরিণত করার মতো বিষয় হতে পারে না। এমনকি বছরের পর বছর ধরে চলা রক্তের প্রতিশোধের কারণও হতে পারে না।”

তিনি উল্লেখ করেন, যুদ্ধ শুধু ঘরবাড়ি ও সড়ক ধ্বংস করেনি; সমাজের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাসও নষ্ট করেছে।

দুখাইনি বলেন, “কেউ কেউ এখন আত্মীয়স্বজনকে তাদের রাজনৈতিক অবস্থান কিংবা কোন পক্ষের হয়ে তারা লড়ছেন, তা দিয়ে বিচার করছেন। তাদের আর নিজেদের পরিবারের সদস্য কিংবা সমাজের মানুষ হিসেবে দেখছেন না।”

তিনি আরও বলেন, “আজ আমাদের সবার আগে সামাজিক সম্পর্কগুলো পুনর্গঠন করা প্রয়োজন। যুদ্ধ একদিন হয়তো শেষ হবে। কিন্তু ঘৃণা ও বিচ্ছিন্নতার ক্ষত বছরের পর বছর থেকে যেতে পারে।”

রক্তের সম্পর্কের বন্ধন
সমাজবিজ্ঞানী হায়েল সাঈদের মতে, সামরিকভাবে যুদ্ধ শেষ হলেও এর সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব কয়েক দশক ধরে থেকে যেতে পারে, যদি যথাযথ উদ্যোগ নেওয়া না হয়।

সাঈদ মিডল ইস্ট আইকে বলেন, “এখন শুধু যুদ্ধবিরতি হলেই চলবে না। ঘৃণামূলক বক্তব্য, উসকানি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগও বন্ধ করতে হবে। একই সঙ্গে সহনশীলতা, সংহতি ও সহাবস্থানের মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।”

তিনি মনে করেন, মা-বাবা, সামাজিক ব্যক্তিত্ব, সম্প্রদায়ের নেতা এবং প্রবীণদের দায়িত্বের বিষয়টি নতুন করে স্মরণ করিয়ে দেওয়া জরুরি। তাদের দায়িত্ব এখন শুধু যুদ্ধের শারীরিক বিপদ থেকে পরিবারের সদস্যদের রক্ষা করা নয়; সন্তানদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়া এবং শত্রুতায় জড়িয়ে পড়া থেকেও রক্ষা করা।

সাঈদ বলেন, “আপনার চাচাতো ভাই রাজনৈতিকভাবে আপনার সঙ্গে একমত নন। কিন্তু তিনি আপনার চাচাতো ভাই এবং আত্মীয়ই থাকবেন। মতের পার্থক্য রক্তের সম্পর্ক মুছে দেয় না। কাউকে অন্যের ওপর হামলা করার অধিকারও দেয় না।”

তিনি আরও বলেন, “ইয়েমেনের মানুষের মধ্যে শুধু যুদ্ধ বন্ধ হওয়াই যথেষ্ট নয়। তাদের পরস্পরের সঙ্গে পুনর্মিলিত হতে হবে। শিখতে হবে, কীভাবে মতবিরোধ থাকা সত্ত্বেও শত্রুতে পরিণত না হয়ে একসঙ্গে বসবাস করা যায়।”
 

দৈনিক মুক্তবাণী

Link copied!