ভারতে গিয়ে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগায় যেতে চেয়েছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে তাকে অনুমতি দেয়নি ভারত সরকার।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতে গিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) দিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম শুরু হয়েছে। আগামী রোববার পর্যন্ত এ আয়োজন চলবে।
জানা গেছে, এই সফরে এসে মুসাদ্দিক তাজমহল ও নিজামুদ্দিন দরগাসহ ভারতের বেশ কয়েকটি দর্শনীয় ও ধর্মীয় স্থানে যাওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন।
তবে নয়াদিল্লি জানিয়েছে, এসসিও-এর নির্ধারিত বৈঠক ছাড়া অন্য কোনো কর্মসূচি বা সফরের অনুমতি তাকে দেয়া হবে না। এই ভারত সফরে তিনি শুধুমাত্র এসসিও-এর অনুষ্ঠানেই অংশ নিতে পারবেন।
২০২৩ সালে গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফরে গেলেন।
এছাড়া ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।
উল্লেখ্য, প্রচলিত রীতি মেনেই গত ২৮ অক্টোবর পাকিস্তানসহ এসসিও-এর সব সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছিল ভারত। পরে মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সরকার।
পাকিস্তান জানায়, পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন দেশের সাথে আলোচনা এবং সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী তারা।
উল্লেখ্য, ২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্যপদ পায়। পরে ২০২৩ সালে ইরানও এতে যুক্ত হয়।
সূত্র : দ্য ওয়াল
