চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। আজ বুধবার সকালে তিন নভোচারীকে নিয়ে মহাকাশযানটি যাত্রা শুরু করে। এই অভিযানের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি পাকিস্তানের নাগরিক মুহাম্মদ জিশান আলী।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ উৎক্ষেপণ করা হয়।
৪০ বছর বয়সী পাকিস্তানি পাইলট জিশান আলী এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন। এ সময় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। এই অভিযানের মাধ্যমে তিনি মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবেও ইতিহাস গড়তে যাচ্ছেন।
অভিযানে তাঁর সঙ্গে রয়েছেন চীনের মহাকাশচারী ও মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।
মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে জিশান আলী বেইজিংয়ে সাত মাসের নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। এ সময় তাঁকে চীনা ভাষা শেখানো হয়। পাশাপাশি চীনা গান, কবিতা ও ক্যালিগ্রাফি চর্চা করতে হয়েছে। তিনি টেবিল টেনিসও অনুশীলন করেছেন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিশান আলী বলেন, “আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।”
চীন তিয়াংগং মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সালের মধ্যে কার্যক্রম বন্ধ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থায় তিয়াংগংকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ও সহযোগিতার বিকল্প কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বেইজিং। শেনঝৌ-২৪ অভিযানকে সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
